
পবিত্র রমজান মাসের রাতগুলি আল্লাহর সাথে একাকী সময় কাটানোর এবং তাঁর সামনে সিজদায় অবনত হওয়ার সর্বোত্তম সুযোগ। মুস্তাহাব নামাজ আল্লাহর সাথে আধ্যাত্মিক যোগাযোগের একটি মাধ্যম, যদিও তা বাধ্যতামূলক নয়, তবে এটি আধ্যাত্মিক সম্পর্ক বৃদ্ধির জন্য খুবই কার্যকর। “কানজুল মারম ফি আমালী শাহরি-সিয়াম” গ্রন্থে এর মধ্যে কয়েকটি নামাজের বর্ণনা রয়েছে।
পুরো রমজান মাসব্যাপী পড়ার নামাজ
পবিত্র রমজান মাসের রাতে ১০০০ রাকাত মুস্তাহাব নামাজ পড়ার সুপারিশ করা হয়েছে। শেখ তুসি (রহ.) তার "মিসবাহ আল-মুতাহাজ্জেদ" গ্রন্থে এই নামায সম্পর্কে বিস্তারিত তুলে ধরেছেন।
প্রথম ২০দিন প্রতি রাতে ২০ রাকাত নামায (১০টি দুই রাকাত বিশিষ্ট নামায)
২১ থেকে ৩০ রোজা প্রতি রাতে ৩০ রাকাত নামায (১৫টি দুই রাকাত বিশিষ্ট নামায)
শবে কদরগুলিতে (১৯, ২১ ও ২৩শে রমজান) প্রতি রাতে ১০০ রাকাত নামায (৫০টি দুই রাকাত বিশিষ্ট নামায) পড়ার সুপারিশ করা হয়েছে।
রমজান মাসে জুমার দিনের বিশেষ নামায
রমজান মাসের জুমার দিনে মুস্তাহাব হল ১০ রাকাত নামায এই পদ্ধতিতে আদায় করা:
১- চার রাকাত নামাযে আমিরুল মুমিনীন (আ.) পাঠ করা। প্রতি রাকাতে একবার সূরা ফাতিহা এবং ৫০বার সূরা ইখলাস পাঠ এবং নামায শেষে বিশেষ দোয়া পাঠ করা।
২- দুই রাকাত নামাযে হযরত ফাতিমা (সা.আ.) পাঠ করা। প্রথম রাকাতে একবার সূরা ফাতিহা এবং ১০০বার সূরা কদর পাঠ এবং দ্বিতীয় রাকাতে একবার সূরা ফাতিহা এবং ১০০বার সূরা ইখলাস পাঠ নামায শেষে বিশেষ দোয়া পাঠ। সালাম শেষে তাসবীহে হযরত ফাতিমা (সা.আ.) ও বিশেষ দোয়া পাঠ করা।
৩- চার রাকাত নামাযে জাফরে তৈয়ার (আ.) দুই সালামে পাঠ করা। প্রথম রাকাতে সূরা ফাতিহা ও সূরা যিলযাল, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা ও সূরা আদিয়াত, তৃতীয় রাকাতে সূরা ফাতিহা ও সূরা নাসর এবং চতুর্থ রাকাতে সূরা ফাতিহা ও সূরা ইখলাস পাঠ করতে হবে। প্রতি রাকাতে ৭৫বার তাসবিহে আরবায়া سبحان والحمد للّه ولا اله الاّ اللّه واللّه اکبر নিম্নরূপ পাঠ করতে হবে: রুকুর পূর্বে ১৫ বার, রুকু অবস্থায় ১০বার, রুকু থেকে উঠে ১০ বার, প্রথম সিজদায় যেয়ে ১০বার, সিজদা থেকে উঠে ১০বার, দ্বিতীয় সিজদায় যেয়ে ১০বার, সিজদা থেকে উঠে ১০বার। এক রাকাতে সর্বমোট ৭৫বার এবং চার রাকাতে মোট ৩০০বার হয়।
রমজানের শেষ বৃহস্পতিবার দিবাগত রাতের নামায
রমজানের শেষ বৃহস্পতিবার রাতে ২০ রাকাত নামায (১০টি দুই রাকাত বিশিষ্ট নামায) পড়ার কথা বলা হয়েছে। প্রতি রাকাতে একবার সূরা ফাতিহা এবং ৫০বার সূরা ইখলাস পাঠ করার কথা বলা হয়েছে।
রমজানের শেষ শুক্রবার রাতের নামায
রমজানের শেষ শুক্রবার রাতে ২০ রাকাত নামায (১০টি দুই রাকাত বিশিষ্ট নামায) পড়ার কথা বলা হয়েছে। প্রথম রাকাতে একবার সূরা ফাতিহা এবং ১০০বার সূরা কদর এবং দ্বিতীয় রাকাতে একবার সূরা ফাতিহা এবং ১০০বার সূরা ইখলাস পাঠ করতে বলা হয়েছে।