
গত ২৮ জুলাই মার্কিন কংগ্রেসে প্রস্তাবটি পেশ করেন টেক্সাসের প্রতিনিধি আল গ্রিন। কংগ্রেস সদস্য ইলহান ওমর, রাশিদা তালিব ও আন্দ্রে কার্সন প্রস্তাবটি সমর্থন করেন। প্রস্তাবে বলা হয়, এখন কোরআন অবমাননার মতো ইসলামবিদ্বেষী কর্মকাণ্ডকে নিরুৎসাহ করার সময় এসেছে।
ডেমোক্রেটিক রাজনীতিক আল গ্রিন কংগ্রেসনাল পাকিস্তান ককাসেরও একজন সদস্য। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইসলামী দেশ থেকে অভিবাসন নিষিদ্ধ করলে তিনি তার বিরোধিতা করেন।
মার্কিন সমাজে ইসলাম বিষয়ে বোঝাপড়া এবং ইসলামী মূল্যবোধের প্রতি সম্মান বৃদ্ধির লক্ষ্যে উত্থাপিত প্রস্তাবটি ২৮ জুলাই মার্কিন কংগ্রেস গ্রহণ করেছে এবং তা কংগ্রেসের পররাষ্ট্রবিষয়ক কমিটির কাছে পাঠিয়েছে। প্রস্তাবে ইসলামের মূলনীতি ও মুসলিম সমাজের অনুশীলনগুলো তুলে ধরা হয়েছে।
বলা হয়েছে, ইসলাম অর্থ প্রভুর কাছে আত্মসমর্পণ এবং শান্তি। কোরআন ইসলামের প্রধান ধর্মগ্রন্থ এবং এটাকে মুসলমানরা ঐশী নির্দেশনাসংবলিত গ্রন্থ মনে করে। প্রস্তাবে আরো বলা হয়, ইসলাম পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ও দ্রুত বর্ধনশীল ধর্ম। পৃথিবীতে দুই বিলিয়নের বেশি মুসলমান রয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ৩৫ লাখ মুসলমান বাস করে।
সূত্র : ডন ডটকম ও দ্য নিউজ ডটকম