
‘দ্য ইজেপশিয়ান ইসলামিক ফাইন্যান্স অ্যাসোসিয়েশন’-এর সভাপতি মোহাম্মদ এল-বেলতাগি জানান, চলতি বছরের প্রমথার্ধে মিসরের ইসলামী অর্থায়ন ৬০০ বিলিয়ন মিসরীয় পাউন্ড অতিক্রম করেছে, যার মধ্যে ৫৬২ বিলিয়ন মিসরীয় পাউন্ড ব্যাংকের মাধ্যমে এবং ৬০ বিলিয়ন মিসরীয় পাউন্ড সুকুক ইনস্যুরেন্সের মাধ্যমে হয়েছে।
তিনি আরো জানান, মিসরীয় ব্যাংকিং খাতের পাঁচ শতাংশ অ্যাকাউন্ট ইসলামিক।
জুন ২০২৩ পর্যন্ত ইসলামী অর্থায়ন বৃদ্ধি পেয়েছে ১২০ বিলিয়ন মিসরীয় পাউন্ড, যা জুন ২০২২-এর তুলনায় ২৭ শতাংশ বেশি। এল-বেলতাগি বলেন, মিসরীয় ব্যাংকিং খাতে ফয়সাল ইসলামী ব্যাংক, আল বারাকা ইসলামী ব্যাংক, আবুধাবি ইসলামী ব্যাংক এবং সাধারণ ব্যাংকের ১১টি ইসলামী শাখা মোট ৩.৫ মিলিয়ন গ্রাহককে সেবা দিয়ে থাকে।
২০২৩ সালের জুন পর্যন্ত ইসলামী ব্যাংকের শাখা বৃদ্ধি পেয়েছে ২৫৬টি। অন্যদিকে ২০২২ সালের একই সময়ে ইসলামী শাখা বৃদ্ধি পেয়েছিল মাত্র ১১টি।
ইসলামী ব্যাংকিং সেবা প্রদানে শীর্ষে রয়েছে ফয়সাল ইসলামী ব্যাংক। ব্যাংকটির টার্নওভারের পরিমাণ ১৭০ বিলিয়ন মিসরীয় পাউন্ড। এর পরেই রয়েছে আবুধাবি ইসলামী
ব্যাংকের স্থান। ব্যাংকটির টার্নওভারের পরিমাণ ১৩৭ বিলিয়ন মিসরীয় পাউন্ড। একইভাবে ইসলামিক ডিপোজিটের পরিমাণ ছয় শতাংশ বৃদ্ধি পেয়ে ৪২৫ মিসরীয় পাউন্ডে উন্নীত হয়েছে।
সূত্র : জাওয়া ডটকম