IQNA

হানিয়াহ: সব অপরাধ সত্ত্বেও, ইহুদিবাদীরা গাজায় তাদের লক্ষ্য অর্জন করতে পারেনি

0:56 - January 11, 2024
সংবাদ: 3474922
ইকনা: হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান এক বক্তৃতায় জোর দিয়ে বলেছেন: গাজা উপত্যকায় গণহত্যা চালানো সত্ত্বেও ইহুদিবাদীরা তাদের কাঙ্খিত লক্ষ্য অর্জন করতে পারেনি।

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া বলেছেন, ইহুদিবাদী ইসরাইল গাজা উপত্যকায় প্রায় ১০০ দিন ধরে গণহত্যা ও যুদ্ধাপরাধ চালিয়েও কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি। তিনি আরো বলেছেন, দখলদার সরকার এখন পর্যন্ত বিশ্ববাসীর সামনে শুধু তার ‘রক্তপিপাসু ও ঘাতক’ চরিত্রের বহিঃপ্রকাশ ঘটিয়েছে মাত্র।

কাতারের রাজধানী দোহায় মঙ্গলবার ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার্সের এক সম্মেলনে দেয়া বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন। হানিয়া বলেন, গাজার জনগণের দৃঢ় মনোবলের কারণে ইসরাইল তার ঘোষিত একটি লক্ষ্যও অর্জন করতে পারেনি।

হামাসের পলিটব্যুরো প্রধান বলেন, ইহুদিবাদীরা হামাসকে ধ্বংস করা, তাদের পণবন্দিদের মুক্ত করা এবং গাজাবাসীকে স্থায়ীভাবে বাস্তুচ্যুত করার ঘোষণা দিয়ে আগ্রাসন শুরু করেছিল। তিনি বলেন, “আমি আপনাদেরকে এই বলে আশ্বস্ত করতে পারি যে, ভয়াবহ ধ্বংসযজ্ঞ ও ব্যাপক গণহত্যা চালানো সত্ত্বেও এসব লক্ষ্যের একটিও অর্জন করতে পারেনি ইসরাইল।”

হামাস প্রধান আরো বলেন, প্রতিরোধ আন্দোলনকে নির্মূল করা সম্ভব নয় কারণ, এটি যে শুধু ফিলিস্তিনে বিরাজ করছে তাই নয় বরং বহির্বিশ্বেও এর অস্তিত্ব রয়েছে এবং গোটা মুসলিম উম্মাহ ও স্বাধীনতাকামী প্রতিটি মানুষের অন্তরে প্রতিরোধ ফ্রন্ট জাগরুক রয়েছে।

ইসমাইল হানিয়া বলেন, প্রায় ১০০ দিন ধরে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েও ইহুদিবাদী ইসরাইল গাজা থেকে তাদের একজন পণবন্দিকেও জীবিত উদ্ধার করতে পারেনি। তিনি প্রত্যয় জানিয়ে বলেন, এসব পণবন্দিকে জীবিত উদ্ধারের একমাত্র উপায় ইসরাইলি কারাগারে আটক সকল ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয়া।  গাজার প্রতিরোধ যোদ্ধারা বহুদিন ধরে দখলদার শক্তির বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে পারবে বলেও তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

হামাসের রাজনৈতিক কার্যালয়ের প্রধান পশ্চিম তীরে ফিলিস্তিনি যুবকদের সংগ্রামের কথাও উল্লেখ করেন এবং বলেন যে এই এলাকায় বিপজ্জনক ঘটনা ঘটছে এবং আল-আকসা তুফান শুরু থেকে এ পর্যন্ত পশ্চিম তীরে ৩৫০ জনেরও বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন। 

captcha