
পবিত্র আল আকসা মসজিদ প্রাঙ্গনে এবার নজরদারি ক্যামেরা বসালো ইসরায়েলি বাহিনী। মসজিদের পশ্চিমের দেয়ালে টাওয়ার তৈরি করে লাগানো হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা।
রোববার (২৫ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা নিউজ। নিরাপত্তায় কড়াকড়ি নিয়ে উত্তেজনার মধ্যেই নেয়া হলো এ পদক্ষেপ।
এই পদক্ষেপের প্রতিক্রিয়ায়, ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের নেতা ওসামা হামদান বলেছেন: আল-আকসা মসজিদের বিরুদ্ধে ইহুদিবাদীদের ক্রিয়াকলাপ আমাদের পবিত্র স্থানগুলির বিরুদ্ধে ধর্মীয় যুদ্ধের একটি বৃদ্ধি এবং দখলদাররা যে পরিকল্পনাই বাস্তবায়ন করুক না কেন, আল-আকসা মসজিদের উপর তাদের নিয়ন্ত্রণ বা সার্বভৌমত্ব কখনই থাকবে না।
সম্প্রতি দখলকৃত অঞ্চলটির প্রশাসন ঘোষণা দেয়, আসন্ন রমজানে মসজিদে প্রবেশ নিয়ন্ত্রণ করা হবে। নির্দিষ্ট সংখ্যক মুসল্লি নামাজ আদায়ের সুযোগ পাবেন। এরইমধ্যে মসজিদ ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
গেল শুক্রবার জুমার নামাজ আদায় করতে গিয়ে অনেককে ফিরে আসতে হয়েছে। এ ঘটনায় ক্ষোভ জানিয়েছে ফিলিস্তিনিরা। মুসলিমদের তৃতীয় পবিত্রতম স্থান হিসেবে বিবেচনা করা হয় আল-আকসা মসজিদকে। ইহুদিদের কাছে টেম্পল মাউন্ট নামে পরিচিত স্থানটি।