
পাকিস্তানের বেলুচিস্তান থেকে লাহোরগামী একটি যাত্রীবাহী বাসে সন্ত্রাসীদের হামলায় সাতজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বেলুচিস্তানের বারখান জেলায় এই হামলা হয় বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ডন।
স্থানীয় এক জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা খুরশিদ আলম বলেছেন, “প্রায় ৪০ জন অজ্ঞাত সশস্ত্র ব্যক্তি একাধিক বাস আটকে যাত্রীদের পরিচয়পত্র যাচাই শুরু করে। এরপর সাত ব্যক্তিকে জোর করে বাস থেকে নামিয়ে গুলি করা হত্যা করা হয়। নিহতদের সবাই কেন্দ্রীয় পাঞ্জাবের অধিবাসী ছিলেন।”
আফগানিস্তান ও ইরানের সীমান্তবর্তী বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে পাকিস্তান সরকার দীর্ঘ কয়েক দশক ধরে লড়াই চালিয়ে যাচ্ছে। ওই অঞ্চলে শাসন ক্ষমতা ও প্রাকৃতিক সম্পদের ওপর অধিক নিয়ন্ত্রণের দাবি জানিয়ে আসছে বিদ্রোহীরা।
হামলার দায় স্বীকার করে এখনও কোনো গোষ্ঠীর পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়নি। এছাড়া, হামলার কারণ সম্পর্কেও এখনও নিশ্চিত হতে পারেননি তদন্তকারীরা।
এর আগে, শুক্রবার এক বোমা হামলায় অন্তত ১১ জন নিহত এবং ছয়জন আহত হয়েছেন। কয়লা শ্রমিকদের বহনকারী একটি গাড়ি লক্ষ করে ওই হামলা চালানো হয়েছিল। 4267052#