IQNA

কেজরিওয়ালের বিরুদ্ধে এফআইআরের নির্দেশ আদালতের

18:06 - March 11, 2025
সংবাদ: 3477009
ইকনা- বিপদ বাড়ল দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির (আপ) প্রধান অরবিন্দ কেজরিওয়ালের। সরকারি তহবিল অপব্যবহারের অভিযোগে এবার তার বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিলেন দিল্লির রাউস এভিনিউ আদালত। তার সঙ্গে আপের আরো কয়েকজন নেতানেত্রীর বিরুদ্ধেও একই নির্দেশ দেওয়া হয়েছে। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
কেজরিওয়াল ও তার সঙ্গীদের বিরুদ্ধে অভিযোগ, দিল্লিতে ক্ষমতায় থাকাকালীন তারা সরকারি অর্থ অপব্যবহার করেছিলেন। সরকারি বরাদ্দের অতিরিক্ত অর্থ ব্যয় করে বড় বড় বিজ্ঞাপন বোর্ড দিয়েছিলেন তারা। মঙ্গলবার দিল্লির নিম্ন আদালতে সেই সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে দায়ের হওয়া মামলার শুনানি ছিল।
 
শুনানিতে বিচারক দিল্লি পুলিশকে কেজরিওয়ালদের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেন।
 
একই সঙ্গে ওই অভিযোগের তদন্তের প্রতিবেদন আদালতে জমা দেওয়ার কথাও বলেন তিনি। আগামী ১৮ মার্চের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে পুলিশকে। কেজরিওয়াল ছাড়া আপ নেতা গুলাব সিং ও নেত্রী নিকিতা শর্মার বিরুদ্ধেও এফআইআর করার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০১৯ সালে এই একই অভিযোগে মামলা করার আবেদন জানানো হয়েছিল দিল্লির নিম্ন আদালতে।
 
যদিও সেই সময় মামলা করার অনুমতি দেওয়া হয়নি। এ ছাড়া এর আগে গত বছরের জানুয়ারিতে তথ্য ও প্রচার মন্ত্রণালয় এই একই অভিযোগে আপকে সুদসহ ১৬৩ কোটি ৬২ লাখ রুপি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছিল।
চলতি বছরের জানুয়ারিতে বিজেপি অভিযোগ করেছিল, প্রকল্পের প্রচারের জন্য আপ সরকারের জন্য যা বরাদ্দ ছিল, তার থেকে বেশি খরচ করেছে তারা। পদ্মশিবিরের দাবি, ‘বিজনেস ব্লাস্টার্স’ প্রকল্পে ৫৪ কোটি রুপি বরাদ্দ করা হয়েছিল। কিন্তু তারা খরচ করে ৮০ কোটি রুপি।
 
শুধু এই একটা প্রকল্প নয়, আরো বেশ কয়েকটি প্রকল্পের কথাও উল্লেখ করেছিল বিজেপি।

 

captcha