IQNA

পাকিস্তানে শিয়া মসজিদে আত্মঘাতী হামলায় শহিদ ৩১: পাকিস্তান ও বিশ্ব নেতাদের তীব্র নিন্দা

6:49 - February 07, 2026
সংবাদ: 3478857
ইকনা- ইসলামাবাদে শিয়া মসজিদ ও হুসাইনিয়ায় সংঘটিত ভয়াবহ আত্মঘাতী হামলায় শহিদের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছেন ১৬৯ জন। এই ঘটনায় পাকিস্তানের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ বিভিন্ন দেশের কর্মকর্তা ও আন্তর্জাতিক সংস্থা তীব্র নিন্দা ও সমবেদনা জানিয়েছেন।

আরব নিউজের বরাত দিয়ে ইকনা জানায়, পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ পৃথক বিবৃতিতে এই হামলার নিন্দা জানিয়ে আহতদের জন্য সর্বোচ্চ চিকিৎসা সুবিধা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।

রাষ্ট্রপতি জারদারি বলেন: নিরীহ বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা মানবতার বিরুদ্ধে অপরাধ। এই কঠিন সময়ে জাতি শহিদ পরিবারের পাশে দাঁড়িয়েছে।

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন: এই ঘটনার জন্য দায়ীদের চিহ্নিত করে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।

আন্তর্জাতিক প্রতিক্রিয়া জাতিসংঘের পাকিস্তানে নিযুক্ত আবাসিক সমন্বয়কারী মোহাম্মদ ইয়াহিয়া এই হামলায় গভীর দুঃখ প্রকাশ করে শহিদ পরিবারদের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। তিনি সকলের ঐক্যবদ্ধভাবে এই অর্থহীন সহিংসতার বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানান।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পাকিস্তানের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রতি গভীর সমবেদনা জানিয়ে শহিদ পরিবার ও পাকিস্তানের জনগণের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন। ক্রেমলিন বিবৃতিতে বলেছে: এই হামলা সন্ত্রাসবাদের নৃশংস ও অমানবিক চেহারার নতুন প্রমাণ। রাশিয়া পাকিস্তানের সঙ্গে সন্ত্রাসবাদ ও চরমপন্থার বিরুদ্ধে সহযোগিতা জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ।

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এই হামলাকে “ভয়াবহ ও অত্যন্ত মর্মান্তিক” বলে অভিহিত করে পাকিস্তানের সঙ্গে সংহতি ঘোষণা করেছেন। তিনি বলেন: যুক্তরাজ্য সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তানের পাশে রয়েছে এবং ক্ষতিগ্রস্ত সকল সম্প্রদায়কে সমর্থন করছে।

ইরাকের রাষ্ট্রপতি এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন: এটি সকল মানবিক মূল্যবোধের পরিপন্থী। ইরাক পাকিস্তান সরকার ও জনগণের প্রতি পূর্ণ সংহতি জানাচ্ছে এবং সন্ত্রাস, সহিংসতা ও চরমপন্থার বিরুদ্ধে অবিচল অবস্থান পুনর্ব্যক্ত করছে।

জর্ডানের পররাষ্ট্র ও প্রবাসী মন্ত্রণালয় এই আত্মঘাতী হামলার নিন্দা জানিয়ে পাকিস্তানের প্রতি পূর্ণ সংহতি ঘোষণা করেছে। মুখপাত্র সাফির ফাওয়াদ মাজালি বলেন: জর্ডান সকল ধরনের সহিংসতা ও সন্ত্রাসের বিরোধী এবং পাকিস্তান সরকার ও জনগণের পাশে রয়েছে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে: উপাসনালয় লক্ষ্য করে হামলা ও নিরীহ মানুষ হত্যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। কাতার সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে অবিচল অবস্থান পুনর্ব্যক্ত করছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এই হামলার নিন্দা জানিয়ে শহিদ পরিবারদের প্রতি সমবেদনা প্রকাশ করেছে।

পুলিশ নিশ্চিত করেছে যে, এখন পর্যন্ত ৩১ জন শহিদ ও ১৬৯ জন আহতের তথ্য পাওয়া গেছে। ঘটনাস্থল ঘিরে রেখে তদন্ত চলছে—হামলাটি আত্মঘাতী ছিল নাকি পূর্বপরিকল্পিত বোমা স্থাপনের মাধ্যমে ঘটানো হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। 4332716#

captcha