IQNA

কানাডায় বিতর্ক: ইসলামবিদ্বেষ বিরোধী বিশেষ দূতের পদ বাতিলের ঘোষণা

9:19 - February 12, 2026
সংবাদ: 3478893
ইকনা- কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নির সরকার ইসলামবিদ্বেষ ও ইহুদিবিদ্বেষ বিরোধী দুটি বিশেষ দূতের পদ বাতিলের ঘোষণা দেওয়ায় রাজনৈতিক ও মানবাধিকার মহলে ব্যাপক বিতর্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

আল-ইসলাহ ওয়েবসাইটের বরাত দিয়ে ইকনা জানায়, পূর্ববর্তী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর আমলে সৃষ্ট এই দুটি স্বতন্ত্র পদ বাতিল করে সরকার এগুলোকে একটি একক উপদেষ্টা সংস্থায় রূপান্তর করার সিদ্ধান্ত নিয়েছে। নতুন সংস্থার নাম «অধিকার, সমতা ও অন্তর্ভুক্তি বিষয়ক উপদেষ্টা কাউন্সিল»—যার দায়িত্ব সকল ধরনের ঘৃণা ও বৈষম্যের বিরুদ্ধে লড়াই করা।

সংস্কৃতি ও ভাষা বিষয়ক মন্ত্রী মার্ক মিলার এই সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়ে বলেন: পূর্ববর্তী পদগুলো তাদের ভূমিকা পালন করেছে। কিন্তু এখন ইসলামবিদ্বেষ ও ইহুদিবিদ্বেষ চরম পর্যায়ে পৌঁছেছে। দেশে চরম মেরুকরণের পরিস্থিতিতে ছোট ছোট পদক্ষেপের পরিবর্তে একটি বৃহত্তর ও জাতীয় ঐক্যের কাঠামো প্রয়োজন।

অন্যদিকে মুসলিম ও ইহুদি সংগঠনসহ বিভিন্ন মানবাধিকার গোষ্ঠী এই সিদ্ধান্তে হতাশা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে। কানাডার জাতীয় মুসলিম কাউন্সিল বলেছে: ইসলামবিদ্বেষ বিরোধী দপ্তর বাতিল করা হয়েছে ঠিক যখন দেশে মুসলিমদের বিরুদ্ধে শত্রুতা ও হামলা উদ্বেগজনক হারে বেড়েছে।

কানাডার সিভিল লিবার্টিজ অ্যাসোসিয়েশন এই সিদ্ধান্তকে «স্বল্পদৃষ্টি ও বিভ্রান্তিকর» বলে সমালোচনা করে সতর্ক করেছে যে, ঘৃণামূলক ঘটনা বৃদ্ধির এই সময়ে বিশেষ পদ বাতিল করলে দুর্বলতম সম্প্রদায়ের সুরক্ষা কার্যক্রম দুর্বল হয়ে পড়বে। 4333811#

captcha