আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বাণিজ্য নগরীর সমুদ্রপথে তিন সন্দেহভাজন আইএস জঙ্গি শহরে প্রবেশ করেতে পারে। ভারতীয় কোস্ট গার্ডের থেকে এই সতর্কবার্তা পেয়ে মুম্বাই শহরজুড়ে হাই অ্যালার্ট জারি করেছে মহারাষ্ট্র পুলিশ।

বার্তা সংস্থা ইকনা: মুম্বাই ও তার আশপাশের এলাকার হোটেল ও লজগুলিতে তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। নিম্নমানের হোটেলগুলিতে সাধারণত লোক ঢোকার সময় পরিচয়পত্র যাচাই করেন না হোটেল মালিকরা।
মঙ্গলবার ভারতীয় কোস্ট গার্ড মুম্বাই পুলিশের কাছে ফ্যাক্স মারফত্ এই তথ্য পাঠানোর পর সবধরনের নিরাপত্তাজনিত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে মুম্বাই পুলিশ। মুম্বাইয়ের এক প্রবীণ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, কোস্ট গার্ডের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান শুরু হয়ে গিয়েছে।
উল্লেখ্য, ২০০৮ সালের নভেম্বর মাসে দশ লস্কর-ই-তৈবা জঙ্গি জলপথেই মুম্বাইয়ে প্রবেশ করেছিল। ১৬৬ জনের প্রাণ গিয়েছিল সেই জঙ্গি হামলায়। নয় জঙ্গিকে খতম করে পুলিশ এবং এক জঙ্গি আজমল কাসভকে গ্রেফতার করা হয়। পরে কাসভের দোষ প্রমাণ হলে, তাকে ফাঁসির নির্দেশ দেয় আদালত। সূত্র: mtnews24