IQNA

11:42 - October 20, 2017
সংবাদ: 2604114

তাজমহলের পরিণতিও কি বাবরি মসজিদের মতো ?

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের তাজমহলও সম্ভবত বাবরি মসজিদের পরিণতি ভোগ করতে যাচ্ছে। বুধবার এমন মন্তব্য করলেন দেশটির সমাজবাদী পার্টির (এসপি) নেতা আজম খান। তিনি আশঙ্কা প্রকাশ করেন, বাবরি মসজিদের মতো ধ্বংস হতে পারে তাজমহলও।

তাজমহলের পরিণতিও কি বাবরি মসজিদের মতো ?

বার্তা সংস্থা ইকনা: সম্প্রতি উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক সঙ্গীত সোম মন্তব্য করেছেন, ‘তাজমহল ভারতীয় সংস্কৃতির কলঙ্কের।’

একই সঙ্গে তাজমহলের নাম বদলে ‘তেজো মহল’ করার দাবি তুলেছেন বিজেপি সংসদ সদস্য বিশ্ব হিন্দু পরিষদের নেতা বিনয় কাটিয়ার। তিনি দাবি করেন, মন্দির ভেঙেই তাজমহল বানানো হয়েছে।

বুধবার আর এক বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী আবার দাবি করেন, যে জমিতে তাজমহল দাঁড়িয়ে আছে সেই জমিটি জয়পুরের রাজাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিলেন মুঘল সম্রাট শাহজাহান।

সুব্রহ্মণ্যম স্বামী বলেন, ‘আমার হাতে এমন নথি এসেছে, যা থেকে স্পষ্ট যে জয়পুরের রাজা-মহারাজাদের তাজমহলের জমিটি বিক্রিতে বাধ্য করেছিলেন শাহজাহান। ক্ষতিপূরণ বাবদ সেই রাজাদের ৪০টি গ্রাম দেয়া হয়েছিল। যাকে কোনোভাবেই ওই জমির দামের সঙ্গে তুলনা করা যায় না।’

তিনি আরো বলেন, ‘নথিতে আরো দেখা যাচ্ছে, ওই জমিতে একটি মন্দির ছিল। কিন্তু মন্দির ভেঙেই তাজমহল বানানো হয়েছিল, তা অবশ্য স্পষ্ট নয়।’

কয়েক দিনের মধ্যেই ওই নথি তিনি সংবাদমাধ্যমে প্রকাশ করবেন বলেও জানিয়েছেন স্বামী।

বিজেপি নেতাদের এই সব মন্তব্যের পরেই তাজমহল নিয়ে  আশঙ্কা প্রকাশ করেন আজম খান।

আজম খান বলেন, ‘যদি বাবরি মসজিদ গুঁড়িয়ে দেয়া যায়, তা হলে দেশে যে কোনো সৌধই ভেঙে ফেলা হতে পারে। এই পরিস্থিতিতে যে কোনো দিন তাজমহলও ধ্বংস হয়ে যেতে পারে। এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। দেশের কোনো সৌধই এখন নিরাপদ নয়। আরটিভি
captcha