IQNA

মৃত স্বামীর ভাতার টাকা জমিয়ে মসজিদ বানালেন সৌদি নারী

5:36 - June 12, 2018
সংবাদ: 2605967
মৃত স্বামীর ভাতার টাকা জমিয়ে মসজিদ বানালেন সৌদি নারী
আন্তর্জাতিক ডেস্ক: ভালোবাসার অন্যতম নিদর্শন তাজমহল। বিশ্বের অনেক প্রেমিক-প্রেমিকার কাছে ভালোবাসার প্রতীকও বটে। স্ত্রীকে ভালোবেসে তার স্মৃতি অমর রাখতে তাজমহল বানিয়েছেন মোঘল সম্রাট শাহজাহান। কিন্তু কোনও স্ত্রী তার স্বামীকে ভালোবেসে তার জন্য মসজিদ বানিয়েছেন এমন ঘটনা বোধহয় বিরল। কিন্তু তেমনই এক ঘটনা ঘটেছে সৌদি আরবে। এক নারী তার মৃত স্বামীর ৩০ বছরের অবসর ভাতা জমিয়ে তারই নামে একটি মসজিদ বানিয়েছেন। খবর খালিজ টাইমসের।


বার্তা সংস্থা ইকনা: ওই নারীর এমন পদক্ষেপের ছবি আজ সোমবার তার ছেলে টুইটারে প্রকাশ করেছে। সোশ্যাল মিডিয়ায় ছেলে মোহাম্মদ আল হারবি ওই ছবি প্রকাশ করার পর নেটিজেনরা উচ্ছ্বসিত প্রতিক্রিয়া দেখিয়েছেন। অনেকেই ওই নারীর এমন কাজের প্রশংসা করেছেন।
আল হারবি টুইটারে যে ছবি প্রকাশ করেছেন সেখানে দেখা যাচ্ছে, তার মা নতুন বানানো মসজিদ প্রাঙ্গণে দাঁড়িয়ে আছেন। ছবির নিচে আল হারবি লিখেন, তুমি কতো মহৎ, মা...তুমি কখনও আমার মৃত বাবার অবসর ভাতা ভোগ করনি। আমার বাবার নামে মসজিদ বানানোর আগ পর্যন্ত গেলো ৩০ বছর ধরে এই টাকা জমিয়েছ। আমার বাবা শান্তিতে থাকুন এবং আল্লাহ তাকে জান্নাতবাসী করুন।

আল হারবি ওই টুইট করার কয়েক ঘণ্টার মধ্যে সেটি ভাইরাল হয়ে যায়। অনেকে ওই ছবি শেয়ারও করেন। একজন টুইটার ব্যবহারকারী লিখেছেন, আল্লাহ তাকে ও তার স্বামীকে পরকালেও এক করুন। আরেকজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, এটি ভালোবাসার সর্বোচ্চ রূপ।

captcha