IQNA

21:56 - July 28, 2019
সংবাদ: 2608976

বিশ্বে বর্তমান সন্ত্রাসবাদের শুরু ইসরাইল প্রতিষ্ঠার মধ্যদিয়ে: মাহাথির মোহাম্মাদ

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেছেন, অবৈধভাবে ইহুদিবাদী ইসরাইল প্রতিষ্ঠার মধ্যদিয়েই বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ ছড়িয়ে পড়েছে। তিনি তুরস্কের বার্তাসংস্থা 'আনাতুলি'-কে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন। মাহাথির মোহাম্মাদ বলেন, ফিলিস্তিনি ভূখণ্ড দখলের বিষয়টিকে ভুলিয়ে দেওয়ার সর্বাত্মক চেষ্টা চলছে, কিন্তু তা সফল হতে দেওয়া যাবে না।

বিশ্বে বর্তমান সন্ত্রাসবাদের শুরু ইসরাইল প্রতিষ্ঠার মধ্যদিয়ে: মাহাথির মোহাম্মাদ

পার্সটুডের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: তিনি বলেন, এমন একটি পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে যেন ফিলিস্তিনে কিছুই ঘটে নি, যেন ফিলিস্তিনি ভূখণ্ড দখলের মাধ্যমে ইসরাইল প্রতিষ্ঠিত হয় নি।

মাহাথির মোহাম্মাদ বলেন, বিশ্বের গণমাধ্যম বিশেষকরে টিভি চ্যানেলগুলোতে ফিলিস্তিন ইস্যুকে পর্যাপ্ত গুরুত্ব দেওয়া হয় না। পরিস্থিতি দেখে মনে হচ্ছে বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের মধ্যে এমন একটা সমঝোতা হয়েছে যে, তারা কখনোই ফিলিস্তিন ইস্যুকে বড় করে তুলে ধরবে না। মিডিয়া এই সত্যটি তুলে ধরতে চায় না যে, ইসরাইল ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে প্রতিষ্ঠিত হয়েছে এবং তারা আন্তর্জাতিক আইন লংঘন করেছে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, এখন বিশ্বে সন্ত্রাসবাদের জন্য মুসলমানদের দায়ী করা হয়। কিন্তু বাস্তবতা হচ্ছে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ফিলিস্তিনি ভূখণ্ড দখলের মাধ্যমে অবৈধভাবে ইসরাইল প্রতিষ্ঠার কারণে পরবর্তীতে যেসব ঘটনা ঘটেছে সেগুলোকে সন্ত্রাসবাদ হিসেবে উল্লেখ করা হয়। যদিও এসব পদক্ষেপের সূচনা হয়েছে অবৈধ দখলদারিত্বের কারণে। সন্ত্রাসবাদের মূল উৎপাটনের জন্য আমাদেরকে এর মূল কারণ খোঁজে বের করতে হবে। আর মূল কারণ হচ্ছে ইহুদিবাদী ইসরাইল।

 

captcha