
বার্তা সংস্থা ইকনা : হযরত ইমাম খোমেনী (র.) এর ২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল (শুক্রবার, ৫ই জুন) স্থানীয় সময় সন্ধ্যা ০৭:৪৫ মিঃ ইসলামী শিক্ষা কেন্দ্র ও আহলে বাইত ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আঞ্জুমান-এ-পাঞ্জাতানী ইমামবাড়ীতে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
ইসলামী শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহীম খলিল রাজাভীর সভাপতিত্বে অনুষ্ঠিত ঐ স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের আল মোস্তফা (স.) আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ প্রতিনিধি হুজ্জাতুল ইসলাম জনাব মোহাম্মাদ আলী আলীরেজায়ী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ আঞ্চলিক সংবাদ পত্র পরিষদ, বিশিষ্ট শিক্ষাবিদ ও দৈনিক অনির্বাণের সম্পাদক, অধ্যক্ষ আলী আহমেদ।
সভায় মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবি ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এ্যাড. ড. মোঃ জাকির হোসেন।
আলোচনা পর্বে স্বাগত বক্তব্যে ইসলামী শিক্ষা কেন্দ্রের শিক্ষক হুজ্জাতুল ইসলাম মোঃ আনিসুর রহমান বলেন, হযরত ইমাম খোমেনী (র.) হলেন বিশ্বের সবার জন্য আদর্শ। তাঁর ইসলামী বিপ্লব আজও বিশ্বের মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে অথচ অনেক বিপ্লব ধ্বংস হয়ে গেছে। তিনি হযরত ইমাম খোমেনী (র.) এর জীবনের বিভিন্ন দিক সংক্ষেপে আলোচনা করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে হযরত ইমাম খোমেনী (র.) এর পারিবারিক, সামাজিক ও রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরে ইসলামি বিপ্লবের উপর দীর্ঘ আলোচনা করেন। তিনি বলেন, হযরত ইমাম খোমেনী (র.) যখন বিপ্লবের ডাক দিয়েছিলেন তখন অনেকেই উপহাস করে নানা ধরনের কথা বলতে শুরু করেছিল। কিন্তু বিপ্লবের সুফল উপলব্ধি করে এখন তারা লজ্জিত।
মূখ্য আলোচক ড. মোঃ জাকির হোসেন হযরত ইমাম খোমেনী (র.) এর সংক্ষিপ্ত জীবনেতিহাস তুলে ধরে বলেন, হযরত ইমাম খোমেনী (র.) এর বলিষ্ঠ নেতৃত্ব বিশ্বের জনগণের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছিল, যার প্রভাব আজও বিশ্বের বিভিন্ন দেশে দৃশ্যমান। তিনি নির্বাসনে থেকে শাহের অনৈসলামিক শাসন ব্যবস্থাকে উত্খাত করে ইসলামকে যেভাবে বিজয়ী করেছেন তার দৃষ্টান্ত খুঁজে পাওয়া যাবে না। সাধারণ মানুষের উপর তাঁর ব্যক্তিত্বের প্রভাব কতটা ছিল এ ঘটনাই তা প্রমাণ করে।
ইসলামী শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহীম খলীল রাজাভী তার সংক্ষিপ্ত ভাষণে বলেন, যুগের ইমাম হযরত ইমাম মাহদী (আ.) এর আগমনের পূর্বে হযরত ইমাম খোমেনি (র.) কর্তৃক প্রতিষ্ঠিত ইসলামি বিপ্লব এবং তাঁর ব্যক্তিত্ব আল্লাহর পক্ষ থেকে আমাদের সকলের জন্য হুজ্জাত। এমন বিপ্লবের কান্ডারী হযরত ইমাম খোমেনি (রহ.) আমাদের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবেন।
অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য তিনি সকল মেহমান ও দর্শক-শ্রোতাকে ধন্যবাদ জানান এবং দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
অনুষ্ঠান সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন আঞ্জুমান-এ-পাঞ্জাতানীর সাধারণ সম্পাদক জনাব মোঃ ইকবাল।
বার্তা প্রেরক
(মোঃ ইকবাল)