
বার্তা সংস্থা ইকনা: তিনি আজ তেহরানের জুমা নামাজের খোতবায় বলেছেন, ভিয়েনায় অর্জিত পরমাণু সমঝোতা ইরানি জাতির জন্য বড় ধরনের সম্মান বয়ে এনেছে এবং এই সম্মান ইরানি জাতির ধৈর্য ও অক্লান্ত দৃঢ়তার পাশাপাশি ইরানের সর্বোচ্চ নেতার যথাযথ দিক-নির্দেশনার কাছেও ঋণী।
আয়াতুল্লাহ মুওয়াহেদি কেরমানি বলেন, ইরানি জাতি অর্থনৈতিক নানা সংকট সয়ে নিয়ে শত্রুদের হতাশ করেছে ও তাদের বুঝিয়ে দিয়েছে যে অবিচারপূর্ণ নানা নিষেধাজ্ঞার ফলে ইরানিরা তাদের অধিকারে কোনো ছাড় দেবে না। ফলে বিশ্বশক্তিগুলো ইরানের প্রতি সম্মান জানাতে বাধ্য হয়েছে।
তিনি আরও বলেছেন, ইহুদিবাদী ইসরাইল ও সৌদি সরকার জেনেভা সমঝোতার দিকগুলো সম্পর্কে ক্রুদ্ধ হওয়ায় প্রমাণিত হয়েছে যে ইরানের লক্ষ্যগুলো অর্জিত হয়েছে। অবশ্য ভিয়েনা ঘোষণার চূড়ান্ত অবস্থা এখনও স্পষ্ট নয় বলে তিনি স্বীকার করেছেন। কারণ, মার্কিন কংগ্রেসে ও ইরানের সংসদে এবং ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদে এই সমঝোতা গৃহীত হতে হবে।
৬ বৃহৎ শক্তির মধ্যে কেউ কেউ পরমাণু সমঝোতা লঙ্ঘন করতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, অতীতের অভিজ্ঞতার আলোকে বলা যায় আমাদের প্রতিপক্ষগুলোর ওপর আস্থা রাখা যায় না। আইআরআইবি