
বার্তা সংস্থা ইকনা: গতকাল (মঙ্গলবার) লেবাননের রাজধানী বৈরুতে জারিফ ও নাসরুল্লাহর মধ্যে এ বৈঠক হয়। ম্যধপ্রাচ্যের কয়েকটি দেশে চলমান সংকট সমাধানের উপায় নিয়ে তারা কথা বলেন। এছাড়া, ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যকার সাম্প্রতিক পরমাণু সমঝোতা নিয়েও জারিফ ও নাসরুল্লাহ আলোচনা করেন। বৈঠকে উপস্থিত ছিলেন লেবাননে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ও জারিফের সঙ্গে থাকা প্রতিনিধিদলের সদস্যরা।
বৈঠকে জাওয়াদ জারিফ বলেন, হিজবুল্লাহর প্রতিরোধের কারণে লেবানন এবং এ অঞ্চলের মর্যাদা পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। তিনি আশা করেন, আরো আলোচনা ও পরামর্শ মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিরসনে সহায়তা করবে। তিনি বলেন, পরমাণু ইস্যুতে ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর যে সমঝোতা হয়েছে আঞ্চলিক ঘটনাবলীতে তার ইতিবাচক প্রভাব পড়বে।
বৈঠকে হাসান নাসরুল্লাহ পরমাণু সমঝোতার প্রশংসা করে বলেন, এটি মধ্যপ্রাচ্য ও লেবাননের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে। তিনি বলেন, মধ্যপ্রাচের যেসব দেশ শান্তি, নিরাপত্তা ও সহাবস্থানের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে তার পাল্টা ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা চালাচ্ছে হিজবুল্লাহ।
3341575