
বার্তা সংস্থা ইকনা : ‘বাবা প্লিজ তুমি মরে যেও না’ তুরস্কের উপকূলে নৌকাডুবিতে নিহত সিরিয়ার শিশু আয়লান কুর্দির জীবনের এটাই ছিল শেষ কথা। নৌকাডুবিতে মর্মান্তিকভাবে মারা যায় তার মা এবং বড় ভাই গালিপ।
এজিয়ান সাগরের কুলে পড়ে থাকা শিশু আয়লানের লাশের করুণ আলোকচিত্র বিশ্বব্যাপী তুমুল প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। আর এজিয়ান সাগরে মর্মান্তিক নৌকাডুবির বর্ণনা দিতে যেয়ে এ কথা জানিয়েছেন তার ফুফু ফাতিমা কুর্দি।
তুরস্কে তিন বছর শরণার্থী হিসেবে থাকার পর আব্দুল্লাহ কুর্দি একটু ভালো থাকার আশায় তিন বছরের আয়লান আর পাঁচ বছরের শিশু সন্তান গালিপ ও তাদের মা রেহানা(৩৫)কে নিয়ে ইউরোপের পথে পাড়ি জমানোর চেষ্টা করেন আব্দুল্লাহ। কিন্তু এজিয়ান সাগরে তাদের বহনকারী সেই ছোট্ট নৌকা ডুবে আবদুল্লাহ ছাড়া আর সবাই মর্মান্তিক ভাবে মারা যান। একই সঙ্গে সলিল সমাধি হয় আব্দুল্লাহর জীবনের সব স্বপ্নের।
নৌকাডুবির সেই ভয়াল ঘটনার বর্ণনা দিতে যেয়ে ফাতিমা বলেন, নৌকা যখন উল্টে যায় তখন দুই শিশুই বাবার কাছে ছিল। বাবা তাদেরকে পানির ওপর তুলে ধরে রাখার জন্য প্রাণপণে চেষ্টা করছিলেন। দু’টো শিশুই চিৎকার করে বলছিল, ‘বাবা, প্লিজ, তুমি মরে যেও না।’
গালিপ মারা গেছে বুঝতে পেরে তাকে ছেঁড়ে দেন হতভাগ্য বাবা আবদুল্লাহ। আর আয়লানকে বাঁচানোর চেষ্টা করতে থাকেন। সে সময়ে তিনি লক্ষ্য করে শিশুটির চোখ বেয়ে নেমে আসছে রক্তের ধারা। বাবা বুঝতে পারেন, এজিয়ান সাগরের হিমশীতল পানি কেড়ে নিয়েছে তার বুকের ধন আয়লানকে।
দুঃখ-বেদনা-ক্ষোভে চোখ বুজেন আবদুল্লাহ এবং ছেড়ে দেন নিহত শিশুটিকে। কিছুক্ষণ পর স্ত্রী খোঁজ করতে যেয়ে দেখতে পান পানিতে ভাসছে রেহানার দেহ। তাতে প্রাণের কোনো চিহ্ন আর নেই।
আবদুল্লাহ বলেন, আমি ওদের বাঁচানোর জন্য সব রকম চেষ্টা করেছি কিন্তু তারপরও ওদের রক্ষা করতে পারে নি।
ওই নৌকাডুবিতে সিরিয়ার যে ১২ শরণার্থী মারা গেছে তাদেরই অন্যতম হল আয়লান ও গালিপ।
নৌকাডুবিতে নিহত স্ত্রী ও দুই সন্তানকে সিরিয়ার কুবানি শহরেই দাফন করা হয়েছে। আর এ সময় বাবা আবদুল্লাহ কুর্দির অঝোর কান্নায় ভিজেছে কুবানির শুষ্ক ও লাল মাটি।
এ দাফন অনুষ্ঠানে বহু মানুষ অংশ নিয়েছেন। লাশ গ্রহণের সময় সময় কুর্দি জনগণ সিরিয়া পরিস্থিতির উত্তরণের জন্য আরব দেশগুলোর প্রতি আহ্বান জানান। তারা বলেন, ইউরোপ নয় বরং আরব দেশগুলোকেই ভূমিকা নিতে হবে। আরব দেশগুলো সন্ত্রাসীদের মদদ দেয়া বন্ধ করলেই সিরিয়া সমস্যার সমাধান হবে বলে জানান তারা।#
সূত্র : আইআরআইবি