
আইআরআইবি'র বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনা: তিনি মঙ্গলবার লন্ডনে পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক ইউরোপীয় কাউন্সিলে দেয়া ভাষণে একথা জানান। আমির-আব্দুল্লাহিয়ান বলেন, দায়েশ বিরোধী যুদ্ধে রাশিয়া ও সিরিয়াকে সহযোগিতা করছে ইরান।
তবে রাশিয়ার সঙ্গে ইরান শুধুমাত্র সিরিয়ায় সহযোগিতা করছে বলে যে দাবি পশ্চিমা গণমাধ্যম করছে তা নাকচ করে দেন ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, মস্কোর সঙ্গে আরো অনেক ক্ষেত্রে তেহরানের ‘কৌশলগত’ সহযোগিতা রয়েছে। প্রতিবেশী দেশগুলোর পাশাপাশি ইউরোপীয় দেশগুলোর সঙ্গেও তেহরান একই ধরনের সহযোগিতা করতে চায় বলে তিনি উল্লেখ করেন। আমির-আব্দুল্লাহিয়ান বলেন, প্রতিবেশী সব দেশের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করাকে ইরানের পররাষ্ট্রনীতিতে অগ্রাধিকার দেয়া হয়েছে।
ইরান সিরিয়ায় যুদ্ধ করার জন্য সেনা পাঠিয়েছে বলে পশ্চিমা গণমাধ্যমে প্রকাশিত খবরকে কঠোর ভাষায় প্রত্যাখ্যান করে তিনি বলেন, সন্ত্রাস বিরোধী যুদ্ধে সিরিয়া সরকারকে শুধুমাত্র পরামর্শ দিচ্ছে তেহরান। গত কয়েকদিনে সিরিয়ায় ইরানের সামরিক উপদেষ্টাদের সংখ্যা বাড়ানো হয়েছে বলেও তিনি জানান।