IQNA

জলবায়ু বিপর্যয়

গত ৫০ বছরে ২০ লাখ মানুষের মৃত্যু : বিশ্ব আবহাওয়া সংস্থা

18:31 - September 01, 2021
সংবাদ: 3470592
গত ৫০ বছরে ২০ লাখ মানুষের মৃত্যু : বিশ্ব আবহাওয়া সংস্থা
তেহরান (ইকনা): গত ৫০ বছরে জলবায়ু পরিবর্তনের কারণে বন্যা ও তাপপ্রবাহের মতো দুর্যোগগুলো পাঁচগুণ বেড়েছে। এ সময়ে দুর্যোগের কারণে মৃত্যু হয়েছে ২০ লাখের বেশি মানুষের। আর ক্ষয়ক্ষতি হয়েছে ৩ দশমিক ৬৪ ট্রিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ সম্পদের। আজ বুধবার জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থার (ডাব্লিউএমও) এক জরিপে এ তথ্য জানানো হয়েছে।

ডাব্লিউএমওর জরিপটি চালানো হয়েছে ১৯৭৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত ঘটে যাওয়া ১১ হাজারের মতো প্রাকৃতিক দুর্যোগ থেকে প্রাপ্ত তথ্য থেকে। এই দুর্যোগের তালিকায় রয়েছে ১৯৮৩ সালে ইথিওপিয়ার ভয়াবহ খরা এবং ২০০৫ সালে যুক্তরাষ্ট্রে আঘাতহানা ঘূর্ণিঝড় ক্যাটরিনাও।

জরিপ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত শতকের সত্তরের দশক থেকে প্রাকৃতিক দুর্যোগ পাঁচগুণ বেড়েছে। বেড়েছে ক্ষয়ক্ষতির পরিমাণও। দেখা গেছে, সত্তরের দশকে ক্ষয়ক্ষতির পরিমাণ যেখানে ১৭৫ দশমিক ৪ বিলিয়ন ডলার ছিল, সেখানে গত দশকে এর পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১ দশমিক ৩৮ ট্রিলিয়ন ডলারে।

এদিকে ক্ষতির পরিমাণ বাড়লেও প্রাণহানি কমেছে। ডাব্লিউএমও বলছে, গত শতকের সত্তরের দশকে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে প্রতিবছর গড়ে ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। গত দশকে মৃত্যুর সংখ্যা কমে প্রতিবছর ১৮ হাজারে দাঁড়ায়। প্রাকৃতিক বিপর্যয়ের সতর্ককরণ ব্যবস্থার উন্নতির ফলে এমনটি হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাসচিব পেত্তেরি তালাস।

তবে বিপর্যয়ে মৃত্যুর সংখ্যা হ্রাস পাওয়ার খবরটি ইতিবাচক হলেও উন্নয়নশীল দেশগুলোর জন্য তা বেশ আশঙ্কার। গত ৫০ বছরে ২০ লাখ মৃত্যুর ৯১ শতাংশই উন্নয়নশীল দেশগুলোতে হয়েছে বলে জরিপে দেখা গেছে।
সূত্র : রয়টার্স

captcha