IQNA

18:00 - September 07, 2021
সংবাদ: 3470629

মুসলিম বিদ্বেষী বৌদ্ধ ভিক্ষু উইরাথুকে মুক্তি দিল মিয়ানমার

তেহরান (ইকনা): মিয়ানমারের সামরিক জান্তা সরকার আলোচিত ভিক্ষু আসিন উইরাথুকে মুক্তি দিয়েছে। গতকাল সোমবার তাকে মুক্তি দেওয়া হয়। কোনো কারণ উল্লেখ না করেই সামরিক জান্তা ভিক্ষু উইরাথুর বিরুদ্ধে সকল অভিযোগ তুলে নিয়েছে বলে জানিয়েছে বিবিসি।

মুসলিম বিদ্বেষী বৌদ্ধ ভিক্ষু উইরাথুকে মুক্তি দিল মিয়ানমার

আসিন উইরাথু একটি সামরিক হাসপাতালে চিকিৎসা নেবেন বলে জানানো হয়। তবে তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি।

মুসলিমবিদ্বেষী বিশেষ করে রোহিঙ্গাদের লক্ষ্য করে দেওয়া বক্তব্যের কারণে আসিন উইরাথু ‘বৌদ্ধ বিন লাদেন’ হিসেবে আখ্যায়িত হন। ২০১৯ সালে তার বিরুদ্ধে ঘৃণা ছড়ানো এবং সরকারের অবমাননার অভিযোগ আনা হয়। গত বছরের নভেম্বরে তিনি আত্মসমর্পণ করেন।

সামরিক অভ্যুত্থানের মাধ্যমে গত ফেব্রুয়ারিতে পতন হওয়া নির্বাচিত সরকারের বিরোধিতা করায় কারাগারে ছিলেন এই বৌদ্ধ ভিক্ষু। আটক হওয়ার আগে বিভিন্ন অনুষ্ঠানে বক্তৃতায় তৎকালীন ক্ষমতাসীন নেত্রী অং সান সু চি ও তার দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির কড়া সমালোচনা করেছিলেন আসিন উইরাথু।

উল্লেখ্য, কট্টর জাতীয়তাবাদ ও মুসলিমবিরোধী অবস্থানের কারণে বহুবার আসিন উইরাথু আলোচনায় এসেছেন। সামরিক বাহিনীর প্রতি অনুরাগী হিসেবেও তিনি পরিচিত। ২০১৭ সালে মিয়ানমারের বৌদ্ধ ধর্মীয় সর্বোচ্চ পরিষদ আসিন উইরাধুকে ধর্মপ্রচারে নিষিদ্ধ করে। পরে ২০১৮ সালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ঘৃণা ছড়ানোর অভিযোগে তার পেজ মুছে দেওয়া হয়।
সূত্র: বিবিসি।

captcha