
ভেলানা বিমানবন্দরে মালদ্বীপের সরকারি কর্মকর্তারা তাকে স্বাগত জানান। শ্রীলঙ্কাজুড়ে ব্যাপক বিক্ষোভের পর মঙ্গলবার গভীর রাতে দেশ ছাড়েন গোতাবায়া। দেশটির এক কর্মকর্তার সূত্রে জানা গেছে, কলম্বো বিমানবন্দর থেকে সেনাবাহিনীর বিশেষ বিমানে করে গোতাবায়া দেশ ছাড়েন।
শ্রীলঙ্কার এক কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, আন্তোনভ-৩২ বিমানে এক দেহরক্ষীকে নিয়ে সস্ত্রীক প্রেসিডেন্ট দেশ ছেড়েছেন। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, প্রেসিডেন্ট জানিয়েছেন, তাকে নিরাপদে দেশ ছাড়ার ব্যবস্থা করে দিলে তবেই তিনি পদত্যাগ করতে রাজি আছেন।
এই বিষয়টি নিয়ে বিরোধীদের সঙ্গে বৈঠকও করেন পার্লামেন্টের স্পিকার মাহিন্দা ইয়াপা। তবে বিরোধীরা তার এই দাবি মানতে নারাজ। এরপরই মঙ্গলবার গভীর রাতে দেশ ছাড়েন গোতাবায়া রাজাপাকসে। এর আগে প্রেসিডেন্ট গোতাবায়ার ভাই ও সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে পদত্যাগ করতে বাধ্য হন।