IQNA

সৌদি আরবে ইফতার ও ইতিকাফ নিয়ে বিশেষ নির্দেশনা

9:20 - March 09, 2023
সংবাদ: 3473446
তেহরান (ইকনা): আসন্ন রমজান উপলক্ষে সৌদি আরবের সব মসজিদে ইফতার ও ইতিকাফের অনুমোদন দেওয়া হয়েছে। গত শুক্রবার (৩ মার্চ) এক বিবৃতিতে ছবি তোলা ও লাইভ ভিডিও নিষিদ্ধ করে রমজানবিষয়ক ১০টি নির্দেশনার কথা জানান সৌদির ধর্ম মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল্লাহ আল-আনজি।
দেশটির ধর্মবিষয়ক মন্ত্রী শায়খ আবদুল লতিফ স্বাক্ষরিত এক বিবৃতিতে জানা যায়, রমজান মাসে মসজিদে ইফতারের আয়োজন করা যাবে। প্রতিদিন এশার পর তারাবির নামাজ এবং শেষ ১০ দিন তাহাজ্জুদের নামাজ ও ইতিকাফের আয়োজন করা যাবে। ইতিকাফকারীদের সম্পর্কে সংশ্লিষ্টদের অবগত থাকতে হবে। কোনো ব্যক্তিগত অনুদান না সংগ্রহ করে মসজিদ প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রেখে ইফতার আয়োজন করা যাবে। এ ক্ষেত্রে ইমাম ও মুয়াজ্জিন প্রধান তত্ত্বাবধায়ক হবেন। 
 
 
তাতে আরো বলা হয়, নির্দিষ্ট সময়ে আজান দেওয়ার পাশাপাশি ইমাম ও মুয়াজ্জিনরা যথাযথ দায়িত্ব পালন করবেন। তারাবির নামাজ ও দোয়া পরিচালনার ক্ষেত্রে মুসল্লিদের সুবিধা বিবেচনা করা, রমজানের শেষ ১০ দিনের শেষ রাতের তাহাজ্জুদের নামাজ ফজর আজানের আগেই সম্পন্ন করার কথা বলা হয়। নামাজের সময় ইমাম ও মুসল্লির ছবি তুলতে মসজিদে ক্যামেরার ব্যবহার এবং নামাজের ভিডিও ধারণ করে কোনো ধরনের যোগাযোগ মাধ্যমে প্রচার নিষিদ্ধ করা হয়।
 
করোনা সংক্রমণরোধে দুই বছর মসজিদে ইফতার ও ইতিকাফ কার্যক্রম স্থগিত রেখেছিল সৌদি আরব। এরপর ২০২২ সালের রমজানে মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদসহ দেশটির সব মসজিদে রমজান মাসের কার্যক্রম শুরু হয়।
 
সূত্র : সৌদি টিবি নিউজ
captcha