IQNA

13:22 - November 28, 2024
সংবাদ: 3476433

মিয়ানমারের সেনাপ্রধানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন আইসিসি’র প্রধান প্রসিকিউটরের

ইকনা- আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর রোহিঙ্গা মুসলমানদের দমনে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মিয়ানমারের সামরিক নেতাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

মিয়ানমারের সেনাপ্রধানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন আইসিসি’র প্রধান প্রসিকিউটরের

আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) মিয়ানমারের সামরিক প্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানিয়েছে। মিন অং হ্লাইংয়ের বিরুদ্ধে মিয়ানমারে রোহিঙ্গা সংখ্যালঘুদের ওপর সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে।

আইসিসি'র প্রধান প্রসিকিউটর করিম খান এ আবেদন জানিয়েছেন। তিনি বলেন, "সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে মিয়ানমার ও বাংলাদেশের কিছু অঞ্চলে রোহিঙ্গাদের ওপর নির্বাসন ও নিপীড়নের মতো মানবতাবিরোধী অপরাধ সংঘটনের জন্য দায়ী।

আইসিসি'র হিসাব অনুযায়ী, ওই সহিংসতার ফলে এক মিলিয়নেরও বেশি রোহিঙ্গা জোরপূর্বক মিয়ানমার থেকে বিতাড়িত হয়। আর বিতাড়িত অধিকাংশ রোহিঙ্গা আশ্রয় নেয় বাংলাদেশে।


মিন অং হ্লাইং মিয়ানমারের প্রভাবশালী সামরিক বাহিনী তাতমাদাওয়ের প্রধান। ২০২১ সালে এই বাহিনী ক্ষমতা দখলের পর থেকে তিনি দেশের সামরিক শাসক হিসেবে দায়িত্ব পালন করছেন।

গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন এখনো আইসিসি'র বিচারকদের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদন পেলেই এটি কার্যকর হবে।

তবে মিয়ানমার আইসিসি'র ১২৩টি সদস্য রাষ্ট্রের অন্তর্ভুক্ত নয়, ফলে পরোয়ানা কার্যকর করতে আদালতের এখতিয়ার সীমিত হতে পারে। তবে পরোয়ানা জারি হলে, কোনো সদস্য রাষ্ট্রে মিন অং হ্লাইং প্রবেশ করলে ওই দেশ তাকে আইসিসি'র হেফাজতে হস্তান্তর করতে বাধ্য থাকবে।

করিম খান জানান, আদালত আগামী কয়েক সপ্তাহের মধ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রক্রিয়া সম্পন্ন করার ওপরই গুরুত্ব দিচ্ছে। পাশাপাশি এ বিষয়ে আরও আবেদন দাখিল করা হবে।

তিনি বলেন, "আমরা আমাদের সব অংশীদারের সঙ্গে মিলে প্রমাণ করব যে রোহিঙ্গারা ভুলে যায়নি। বিশ্বের অন্যান্য মানুষের মতো তারাও আইনের সুরক্ষা পাওয়ার অধিকার রাখে।"

আইসিসির প্রসিকিউটরের বিবৃতিতে বলা হয়েছে: মিয়ানমার সরকারের একজন সিনিয়র কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার জন্য এটিই প্রথম অনুরোধ যা আমার অফিস জমা দিয়েছে। 4250948#

 

captcha