IQNA

রোহিঙ্গা ও আশ্রয়দাতা সম্প্রদায়কে অস্ট্রেলিয়া ও জাতিসংঘের আর্থিক সহায়তা

23:22 - August 04, 2026
সংবাদ: 3479576
রোহিঙ্গা ও আশ্রয়দাতা সম্প্রদায়কে অস্ট্রেলিয়া ও জাতিসংঘের আর্থিক সহায়তা
অস্ট্রেলিয়া সরকার ও জাতিসংঘের শরণার্থী সংস্থা বাংলাদেশের উপকূলীয় এলাকায় রোহিঙ্গা মুসলিম ও আশ্রয়দাতা সম্প্রদায়কে সহায়তায় আর্থিক সাহায্য বরাদ্দ করেছে।

ইকনা’র বরাত দিয়ে আনাদোলু জানিয়েছে, অস্ট্রেলিয়া সরকার ও জাতিসংঘের শরণার্থী সংস্থা আজ সোমবার ঘোষণা করেছে যে, তারা বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে রোহিঙ্গা মুসলিম ও আশ্রয়দাতা সম্প্রদায়কে সহায়তার জন্য ১৭ মিলিয়ন ডলার বরাদ্দ করবে।

ঢাকায় জাতিসংঘের কার্যালয় জানিয়েছে, এই বহুবর্ষীয় তহবিল অস্ট্রেলিয়ার ২০২৬ থেকে ২০২৮ সালের মানবিক সহায়তার অংশ। এটি রোহিঙ্গা শিবিরগুলোতে অত্যাবশ্যকীয় সহায়তা অব্যাহত রাখা, দক্ষতা উন্নয়ন এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি হ্রাসমূলক ব্যবস্থা গ্রহণে ব্যবহার করা হবে।

অস্ট্রেলিয়ার নাগরিকত্ব বিষয়ক সহকারী স্বরাষ্ট্রমন্ত্রী জুলিয়ান হিল বলেছেন, “অস্ট্রেলিয়া মিয়ানমার ও বাংলাদেশে রোহিঙ্গাদের মানবিক প্রয়োজন মেটানোর প্রতিশ্রুতিতে অটল। বাস্তুচ্যুত রোহিঙ্গারা তাদের ঘরে ফিরতে চায়, কিন্তু স্বেচ্ছায়, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবর্তনের জন্য প্রয়োজনীয় শর্ত মিয়ানমারে নিশ্চিত করতে হবে। এই শর্তগুলো কেবল মিয়ানমারের সংকটের মূল কারণগুলো মোকাবিলার মাধ্যমেই বাস্তবায়িত হতে পারে।”

২০১৭ সাল থেকে, যখন মিয়ানমার সেনাবাহিনীর ব্যাপক হত্যা ও আক্রমণের কারণে লাখ লাখ মানুষ বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয়, তখন থেকে প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থী এখনও এই দেশে আশ্রয় নিয়ে আছে। তাদের অধিকাংশই বাংলাদেশের কক্সবাজারের কাছাকাছি অত্যন্ত ঘনবসতিপূর্ণ শিবিরগুলোতে বাস করে।

জাতিসংঘ জানিয়েছে, রোহিঙ্গা মুসলিমরা প্রায় সম্পূর্ণভাবে মানবিক সহায়তার ওপর নির্ভরশীল।

সংস্থাটি আরও জানিয়েছে, ২০২৫ সালে প্রায় ৯০০ রোহিঙ্গা শরণার্থী আন্দামান সাগর ও বঙ্গোপসাগর দিয়ে বিপজ্জনক যাত্রা করার চেষ্টার সময় নিখোঁজ হয়েছেন বা মারা গেছেন।4367844

captcha