
আইআরআইবি’র বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে পরমাণু সমঝোতা সই করার পর আজ (বুধবার) সকালে তেহরানে পৌঁছে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। জারিফ বলেন, এ সমঝোতা প্রমাণ করেছে ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা কোনো ফল বয়ে আনেনি। ভিয়েনা সমঝোতার মাধ্যমে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে বলে জানান তিনি।
ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে আলোচনাকে অত্যন্ত কঠিন উল্লেখ করে ইরানের পরমাণু আলোচক দলের প্রধান বলেন, ভিয়েনা বৈঠকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর নির্দেশিত রেড লাইনকে সম্মান জানানো হয়েছে। পরমাণু আলোচক দলকে সর্বাত্মক সমর্থন জানানোর জন্য তিনি সর্বোচ্চ নেতা, সরকার এবং ইরানের জনগণকে ধন্যবাদ জানান।
এদিকে ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে তার দেশের পরমাণু সমঝোতাকে বড় ধরনের অর্জন হিসেবে উল্লেখ করে বলেছেন, এ সমঝোতার কথা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ভিয়েনা আলোচনায় অংশগ্রহণকারী সালেহি পররাষ্ট্রমন্ত্রী জারিফের বক্তব্য সমর্থন করে বলেছেন, ইরান শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি চালিয়ে যাবে এবং এ শিল্পের বাণিজ্যিকীকরণ করবে।