
বার্তা সংস্থা ইকনা: সৌদি আরবের বেসামরিক নিরাপত্তা কর্তৃপক্ষ টুইটার বার্তায় জানিয়েছে, আজ (শুক্রবার) স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের সবাই হজযাত্রী বলে ধারণা করা হচ্ছে।
সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ বার্তা সংস্থা ইউএনবিকে জানিয়েছেন, মর্মান্তিক এ দুর্ঘটনায় অন্তত ৪০ বাংলাদেশি হাজযাত্রী আহত হয়েছেন। এছাড়া, ভারতের ৯ জন, পাকিস্তানের ১৪ জন ও মালয়েশিয়ার ৬ নাগরিক আহত হয়েছেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, মক্কায় মাগরিবের নামাজের কিছুক্ষণ আগে থেকে ঝড় শুরু হয়। নামাজের পর থেকে ঝড়ের তীব্রতা বাড়তে থাকে। সন্ধ্যা ৭টার দিকে একটি ক্রেনের সামনের অংশ মসজিদ আল হারামের ছাদের একটি অংশে ভেঙে পড়ে। এতে ছাদের ওই অংশ ভেঙে পড়ে হতাহতের ওই ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঘটনাস্থলে উদ্ধারকারী দল ও বেশকিছু অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে।
ইউটিউবে পোস্ট করা এক ভিডিওতে দেখা গেছে, ব্যাপক শব্দে ক্রেনটি ভেঙে পড়ার পর চিৎকার-আহাজারি শোনা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার ও ফেসবুকে ছড়িয়ে পড়া ছবিতে বহুসংখ্যক দেহ এবং মসজিদের মেঝেয় রক্ত পড়ে থাকতে দেখা গেছে।
প্রতি বছর বিশ্বের লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান হজ পালন করতে পবিত্র মক্কায় যান। হজের মওসুমে মসজিদ আল-হারামে প্রতিবছরই হাজিদের সংখ্যা বাড়ছে। ক্রমবর্ধমান এই চাপ সামাল দেয়ার অংশ হিসেবে মসজিদটির সম্প্রসারণের কাজ চলছে কয়েক বছর ধরে। এই কাজে বিশাল বিশাল ক্রেন ব্যবহৃত হচ্ছে। আজ ভেঙে পড়া ক্রেনটি সেই নির্মাণকাজে ব্যবহৃত হচ্ছিল।
মক্কার গভর্নর যুবরাজ খালেদ আল ফয়সাল ঘটনাস্থল পরির্দশন করে দুর্ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তিনি আহত ও নিহতদের পরিবারবর্গদের উদ্দেশ্যে শোক বার্তা প্রেরণ করেন।
3361331