
বার্তা সংস্থা ইকনা: তিনি বলেছেন, জার্মানি ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যদেশকে নিয়ে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে এক দশকেরও বেশি সময় ধরে আলোচনার পর গত জুলাইয়ে ওই পরমাণু সমঝোতা অর্জিত হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, এ সমঝোতা বাস্তবায়িত হওয়ার পর ঢাকা ও তেহরানের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বেড়ে যাবে। এর প্রতিক্রিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও একই ধরনের আশাবাদ ব্যক্ত করেন।
সাক্ষাতে শেখ হাসিনা বলেন, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির চমৎকার উদাহরণ বিরাজ করছে এবং এদেশে সব ধর্মের মানুষ স্বাধীনভাবে তাদের আচার-অনুষ্ঠান পালন করতে পারছে। তিনি আরো বলেন, নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের অধিকার বাংলাদেশের প্রতিটি নাগরিকের রয়েছে এবং এখানে কেউ কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে না।
সাক্ষাতে ইরানের শান্তিপূর্ণ পরমাণু অধিকারকে সমর্থন করায় বাংলাদেশের প্রশংসা করেন ড. জারিফ। তিনি বলেন, টেক্সটাইল, বিদ্যুৎ এবং জ্বালানি খাতে দ্বিপক্ষীয় সহযোগিতার চমৎকার সুযোগ বিরাজ করছে। দুই দেশের মধ্যকার যৌথ অর্থনৈতিক কমিশনকে পুনরুজ্জীবিত করে সহযোগিতার অন্যান্য খাতও চিহ্নিত করা সম্ভব বলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেন।
এ ছাড়া, বাংলাদেশের যেসব নাগরিকের সরকারি এবং কূটনৈতিক পাসপোর্ট রয়েছে ইরান সরকার তাদেরকে অন অ্যারাইভাল ভিসা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানান ড. জারিফ।
সাক্ষাতে শেখ হাসিনা বলেন, ইরানের সঙ্গে বাংলাদেশের সাংস্কৃতিক এবং ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। আগামী দিনগুলোতে এ সম্পর্ক আরো শক্তিশালী হবে বলে তিনি আশা প্রকাশ করেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
সাক্ষাতে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. গওহর রিজভি, প্রধানমন্ত্রীর দপ্তর সচিব সুরাইয়া বেগম এবং ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আব্বাস ওয়ায়েজি উপস্থিত ছিলেন।
মঙ্গলবার মধ্যরাতে একটি বিশেষ বিমানে ঢাকা পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ। ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে পরমাণু সমঝোতার পর পরিবর্তিত পরিস্থিতিতে চীন সফর শেষে বেইজিং থেকে সরাসরি ঢাকায় আসেন তিনি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা ছাড়াও জাওয়াদ জারিফের স্ত্রী তার সঙ্গে এসেছেন।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক এবং ঢাকাস্থ ইরানের রাষ্ট্রদূত ড. আব্বাস ভায়েজি দেহনাবি তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। আইআরআইবি