IQNA

মিনা ট্রাজেডি: ১০৩ বাংলাদেশি হাজী নিখোঁজ, ৯ জনের লাশ চিহ্নিত

20:53 - September 26, 2015
সংবাদ: 3370929
আন্তর্জাতিক ডেস্ক : বৃহস্পতিবার মিনায় পদদলিত হয়ে ৯ বাংলাদেশি হাজীর নিহতের খবর পাওয়া গেছে।


বার্তা সংস্থা ইকনা : সৌদি আরবের মিনায় পদদলিত হয়ে হতাহতের ঘটনায় এখন পর্যন্ত ১০৩ জন বাংলাদেশি হাজী নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট হজ এজেন্সিগুলো।

এ বিষয়ে বাংলাদেশ দূতাবাসের হজ কাউন্সিলর আসাদুজ্জামান জানান, বিভিন্ন হজ এজেন্সি থেকে মোট ১০৩ জন নিখোঁজ হাজীর তালিকা আমাদের হাতে এসে পৌঁছেছে। আমরা তালিকাটি সৌদি কর্তৃপক্ষের কাছে পেশ করেছি। এখন পর্যন্ত তারা আমাদের কোনো তথ্য দেয়নি। যখন আমাদের হাতে তথ্য আসবে আমরা জানাবো।

তিনি আরও জানান, মক্কা হজ মিশনের মেডিকেল টিম প্রধান ড. হাসান জাহাঙ্গীর এ বিষয়ে তদারকি করছেন।

এদিকে বৃহস্পতিবার মিনায় পদদলিত হয়ে ৯ বাংলাদেশি হাজীর নিহতের খবর পাওয়া গেছে। নিহত হাজিরা হলেন- জামালপুরের বাসিন্দা ফিরোজা বেগম (৫৪)। সুনামগঞ্জের হাজিপাড়া এলাকার বাসিন্দা জুলিয়া হুদা (৪০)। ফেনীর তাহেরা বেগম (৭৩) এবং তার ভাই নূর নবী মিন্টু (৬৯) মুন্সীগঞ্জের জাহানারা আরজু, বি-বাড়িয়ার গোলাম মোস্তফা, শরিয়তপুরের এম এ রাজ্জাক ও হাসিনা আক্তার, দিনাজপুরের কেরামত আলি। বাংলাদেশি হাজীদের নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে।



সূত্র : শীর্ষ নিউজ

captcha