IQNA

জেরুজালেমে ফরাসি সন্ন্যাসিনীর ওপর হামলায় ব্যাপক ক্ষোভ ও নিন্দা

16:57 - May 01, 2026
সংবাদ: 3479104
ইকনা- জেরুজালেমে (আল-কুদস) এক ফরাসি সন্ন্যাসিনীর ওপর চরমপন্থী ইসরায়েলি বসতি স্থাপনকারীর হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছে ফ্রান্সের কনস্যুলেট এবং সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারীরা।

ইকনা জানায়, আল-জাজিরার বরাতে—জেরুজালেমে ফ্রান্সের কনস্যুলেট এক্স (টুইটার) প্ল্যাটফর্মে বিবৃতি দিয়ে বলেছে, “আক্রান্ত সন্ন্যাসিনীর দ্রুত আরোগ্য কামনা করছি এবং ফ্রান্স হামলাকারীর বিচার দাবি করছে।”

এই বিবৃতি জেরুজালেমে ফ্রান্সের বাইবেল ও প্রত্নতত্ত্ব বিষয়ক স্কুলের পরিচালক পিতা অলিভিয়ের বুকিয়োঁ-এর এক্স পোস্টের জবাবে প্রকাশিত হয়। তিনি ফরাসি সন্ন্যাসিনীর ওপর “অযৌক্তিক ও নৃশংস” হামলার তীব্র নিন্দা জানান।

পিতা বুকিয়োঁ ফ্রান্স প্রেসকে জানান, আক্রান্ত সন্ন্যাসিনী ৪৮ বছর বয়সী এবং ওই ফরাসি প্রতিষ্ঠানের গবেষক। তবে তিনি এ বিষয়ে প্রকাশ্যে কথা বলতে চান না।

তিনি হামলার কিছু বিস্তারিত বর্ণনা দিয়ে বলেন, সন্ন্যাসিনী অনুভব করেন যে কেউ পিছন থেকে তার কাছে এগিয়ে আসছে, তারপর তাকে জোর করে একটি পাথরের দিকে ঠেলে দেয়। তিনি আরও বলেন, “সন্ন্যাসিনী মাটিতে পড়ে যাওয়ার পর লোকটি বারবার তাকে লাথি মারতে থাকে।”

এই হামলার ভয়াবহ ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ক্ষোভ ও নিন্দার ঝড় তুলেছে। ব্যবহারকারীরা হামলার নৃশংসতা ও সন্ন্যাসিনীর ওপর চালানো বর্বর আক্রমণের তীব্র সমালোচনা করেছেন।

ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টায় নিজেদের এক্স অ্যাকাউন্টে হামলার নিন্দা করে একে “লজ্জাজনক ঘটনা” বলে অভিহিত করেছে এবং দাবি করেছে যে, ইসরায়েল “সব ধর্মের ধর্মীয় স্বাধীনতা ও উপাসনার স্বাধীনতা রক্ষায়” প্রতিশ্রুতিবদ্ধ।

জেরুজালেমের ইসরায়েলি পুলিশ জানিয়েছে, পূর্ব জেরুজালেমে সন্ন্যাসিনীর ওপর বর্ণবাদী হামলার অভিযোগে এক বসতি স্থাপনকারীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলেছে, ঘটনার রিপোর্ট পাওয়ার পর ব্যাপক তল্লাশি চালিয়ে সন্দেহভাজনকে খুঁজে পেয়ে গ্রেপ্তার করা হয়েছে। 4349666#

captcha