
ইকনা নিউজ এজেন্সির প্রতিবেদন, আলকম্পিস সূত্রে: শনিবার (২৬ এপ্রিল) সাকিনা প্রকাশনীর উদ্যোগে এবং মালয়েশিয়ার রস্তু ফাউন্ডেশনের সহযোগিতায় একটি আন্তর্জাতিক প্রকল্পের অংশ হিসেবে এই উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সুইডেনে অবস্থিত আরব ও ইসলামী দেশগুলোর কূটনৈতিক প্রতিনিধি, বিভিন্ন ইসলামী সংগঠন ও সমিতির প্রতিনিধিরা অংশ নেন। এছাড়া অনুষ্ঠানের পাশাপাশি কুরআনের হস্তলিখিত কপি ও ইসলামী শিল্পকর্মের একটি প্রদর্শনীও আয়োজন করা হয়।
সাকিনা প্রকাশনীর দায়িত্বশীল কায়েস আতা আল্লাহ বলেন, ২০০৭ সালে সোশ্যাল মিডিয়ায় একটি পেজের মাধ্যমে এই প্রকল্পের ধারণা জন্ম নেয়। উদ্দেশ্য ছিল অনুবাদকৃত কুরআন কিনে সীমিত সংখ্যক পরিচিতজন ও বন্ধুদের মধ্যে বিতরণ করা।
তিনি জানান, অনেক বছর চেষ্টার পর সুইডিশ প্রকাশনা সংস্থার কাছ থেকে কপিরাইট কিনতে সক্ষম হয়েছেন। প্রকল্পের প্রথম দিকের একজন বড় বিনিয়োগকারী ছিলেন একজন বিখ্যাত ফুটবল খেলোয়াড়, যিনি ১ লাখ সুইডিশ ক্রোন (প্রায় ১০ হাজার ডলার) অনুদান দিয়েছিলেন এবং নাম প্রকাশ না করার অনুরোধ করেছিলেন।
এই সুইডিশ অনুবাদটি মালয়েশিয়ার পুত্রাজায়ায় অবস্থিত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বিশেষায়িত কুরআন মুদ্রণ কেন্দ্র ‘নাশরুল কুরআন’-এ মুদ্রিত হয়েছে। এটি মালয়েশিয়ার বিশ্বব্যাপী এক কোটি কুরআন মুদ্রণ ও ৫০টিরও বেশি ভাষায় বিতরণ প্রকল্পের অংশ।
প্রকল্পের দায়িত্বশীলরা জানিয়েছেন, সুইডেনের জন্য ২০ হাজার কপি বরাদ্দ করা হয়েছে, যা দেশের মসজিদ, প্রতিষ্ঠান ও সাধারণ নাগরিকদের মধ্যে বিতরণ করা হবে। সাকিনা প্রকাশনী স্থানীয় প্রকাশনা, মান নিয়ন্ত্রণ ও বিতরণের দায়িত্ব পালন করবে।
তারা বলেন, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো ইসলামের সর্বজনীন বার্তা প্রচার করা, কুরআনের নিয়মিত তেলাওয়াত উৎসাহিত করা এবং সুইডিশ ভাষাভাষীদের কুরআনের অর্থ আরও ভালোভাবে বোঝার সুযোগ করে দেওয়া।
এই সুইডিশ অনুবাদটি মুহাম্মাদ কনুট বার্নস্ট্রম করেছেন। তিনি ১৯৭৬ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত মরক্কোতে সুইডেনের রাষ্ট্রদূত ছিলেন। পরে ইসলাম গ্রহণ করে মুহাম্মাদ নাম নেন এবং এই অনুবাদ করেন।
বার্নস্ট্রমের অনুবাদটি সুইডিশ ভাষায় কুরআনের সবচেয়ে বিখ্যাত ও অনুমোদিত অনুবাদগুলোর একটি। প্রথমে ১৯৯০-এর দশকের শেষের দিকে “Koranens Budskap” (কুরআনের বার্তা) নামে প্রকাশিত হয়। নতুন সংস্করণটি মুদ্রণ আধুনিকায়ন ও সুইডিশ ভাষাভাষীদের মধ্যে বিতরণ বৃদ্ধির প্রচেষ্টার অংশ।4352724#