শনিবার বিরাটনগরে সন্ধ্যায় নামাজের সময়ে এক বোমা হামলায় ২ ব্যক্তি নিহত হয় এবং আরও দুজন গুরুতর আহত হয়।
প্রধান সরকারী প্রশাসক মাধবী রেগমী বলেন, বিরাটনগরে স্কুল, মার্কেট এবং পরিবহন ব্যবস্থা অচল হয়ে পড়ে। শহরটি কাঠমুন্ডু থেকে ৪০০ কিলোমিটার পূর্বে।
হিন্দু প্রধান দেশ নেপালে মসজিদে বোমা হামলা এই প্রথম। মুসলিমরা সেখানে সংখ্যালঘু। অতীতে দু সমপ্রদায়ের মাঝে কোন গুরুতর সংঘাত ঘটেনি।
রেগমী সোমবার দিন মুসলিম নেতাদের সাথে সাক্ষাত করেন। মুসলিম নেতারা নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং নিহত ও আহতদের পরিবারের জন্য সরকারী ক্ষতিপূরণ দাবী করেন।
একটি দল যারা নিজেদেরকে নেপাল ডিফেন্স আর্মি দাবী করেছে তারা এ আক্রমণের দায়িত্ব স্বীকার করেছে। কান্তিপুর টেলিভিশন নেটওয়ার্কের দপ্তরে একটি বিবৃতি পাঠিয়ে বলেছে যে তারা এ ধরনের আক্রমণ চালিয়ে যেতে থাকবে যতক্ষণ পর্যন্ত না নেপাল একটি হিন্দু জাতিতে পুনঃ প্রতিষ্ঠিত হয়। ২০০৬ সালে নেপালকে একটি ধর্ম নিরেপক্ষ রাষ্ট্র হিসেবে ঘোষণা দেয়া হয়।