
টিআরটির বরাত দিয়ে জানানো হয়েছে, তুরস্ক, বাংলাদেশ, ব্রাজিল, ইন্দোনেশিয়া, স্পেন, কলম্বিয়া, লিবিয়া, মালদ্বীপ, পাকিস্তান ও জর্ডানের পররাষ্ট্রমন্ত্রীরা যৌথ বিবৃতিতে বলেছেন, ইসরাইলি বাহিনী আন্তর্জাতিক জলসীমায় অবস্থানরত বেসামরিক জাহাজগুলোতে হামলা চালিয়ে কয়েক ডজন জাহাজ জব্দ করেছে এবং প্রায় ১০০ জন শান্তিকর্মী ও মানবাধিকারকর্মীকে আটক করেছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, বেসামরিক জাহাজ ও শান্তিকর্মীদের ওপর এই হামলা আন্তর্জাতিক আইন ও মানবিক আইনের স্পষ্ট লঙ্ঘন।
পররাষ্ট্রমন্ত্রীরা আটককৃত সকল কর্মীর অবিলম্বে মুক্তি এবং তাদের মানবিক মর্যাদার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা প্রদর্শনের দাবি জানিয়েছেন।
তারা আরও বলেন, শান্তিপূর্ণ ও মানবিক উদ্যোগের বিরুদ্ধে বারবার হামলা আন্তর্জাতিক আইনের প্রতি ইসরাইলের অবজ্ঞার প্রমাণ।
বিবৃতিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবিলম্বে দায়িত্বশীল ভূমিকা পালন করে বেসামরিক নাগরিক ও মানবিক মিশনগুলোর নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
প্রতিরোধ নৌবহরকে একটি বেসামরিক ও শান্তিপূর্ণ উদ্যোগ হিসেবে বর্ণনা করে বলা হয়েছে, এর লক্ষ্য ছিল ফিলিস্তিনি জনগণের মানবিক বিপর্যয়ের দিকে বিশ্বের দৃষ্টি আকর্ষণ করা। 4353091#