বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইসলাম বিদ্বেষী উগ্র দলগুলোর ঐ সমাবেশ শুরুর প্রাক্কালে পুলিশ এ সমাবেশের বিরোধী হাজার হাজার প্রতিবাদী জনতার সাথে সংঘর্ষে লিপ্ত হয়। ইসলাম বিদ্বেষী উগ্র দলগুলো কোলন শহরে ইউরোপের অন্যতম প্রধান মসজিদ প্রতিষ্ঠার জন্য শহরটির কর্তৃপক্ষের অনুমতির প্রতিবাদে সমাবেশ করতে চেয়েছিল। জার্মানীর একটি উগ্র গ্রুপ ছাড়াও বেলজিয়াম, অস্ট্রিয়া ও ইতালীর ইসলাম বিদ্বেষী কয়েকটি গ্রুপের নেতারা ১৫০০ সমর্থকসহ এ সমাবেশে যোগ দিবেন বলে কথা ছিল। এই দলগুলো ইউরোপে ইসলাম ধর্ম দ্রুত গতিতে বিস্তার লাভ করায় উদ্বিগ্ন। ইউরোপের হাজার বছরের খ্রিস্টীয় পরিচিতি ও সংস্কৃতি মুসলমানদের মাধ্যমে হুমকীগ্রস্ত হয়েছে বলে এই গ্রুপগুলো প্রচারণা চালিয়ে আসছে। বর্ণবাদী এই দলগুলোর সমাবেশের জবাবে কয়েকটি ট্রেড ইউনিয়ন, চার্চ ও বর্ণবাদ বিরোধী সংস্থা পাল্টা সমাবেশের আহ্বান করে এবং এ সমাবেশে ৪০ থেকে ৬০ হাজার জনতা জড় হবার প্রস্তুতি নিচ্ছিল। এ অবস্থায় পাল্টা সমাবেশের আয়োজনের প্রস্তুতিতে ব্যাপক সংঘাত ও জননিরাপত্তা বিঘ্নিত হবার আশঙ্কায় জার্মানীর পুলিশ কোলন শহরে নব্য-নাৎসী ও ইসলাম বিদ্বেষী উগ্র দলগুলোর ঐ সমাবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। # 297760