IQNA

ইসরাইলের বিরুদ্ধে গাজার মানুষের বিজয় মানেই সমস্ত ফিলিস্তিনীর বিজয় : ইসমাইল হানিয়া

13:51 - January 19, 2009
সংবাদ: 1733015
ফিলিস্তিনের প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়া গতরাতে টেলিভিশনে দেয়া এক ভাষণে ইসরাইলের বিরুদ্ধে গাজার মানুষের বিজয়কে মহান আল্লাহর বিশেষ অনুগ্রহ হিসেবে উল্লেখ করে একে গোটা ফিলিস্তিনী জাতীর বিজয় বলে বর্ণনা করেছেন ।
সংবাদ মাধ্যম বিবিসির আরবি বিভাগের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন বা হামাস নিয়ন্ত্রিত টিভি চ্যানেল ‘আল আকসায়’ ফিলিস্তিনী জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়া ইসরাইলের বিরুদ্ধে গাজার বিজয়কে সমস্ত ফিলিস্তিনীর বিজয় হিসেবে উল্লেখ করে বলেন, একমাত্র মহান আল্লাহর বিশেষ দয়া বা অনুগ্রহের ফলেই গাজার প্রতিরোধ যোদ্ধারা দখলদার ইসরাইলী সেনাদেরকে একতরফা যুদ্ধবিরতী ঘোষণা করতে ও গাজা উপত্যকা থেকে পিছু হটতে বাধ্য করেছে । জনাব হানিয়া বলেন, ইসরাইল গাজায় হামলা চালিয়ে তাদের কোন লক্ষ্যই অর্জন করতে পারে নি ।তিনি আরো বলেন, ফিলিস্তিনে ইসলামী প্রতিরোধ আন্দোলন বা হামাসের বীর সৈনিকদের দৃঢ় প্রতিরোধ ইসরাইলী সেনাদের আধিপত্যকামী স্বপ্নকে চূর্ণবিচূর্ণ করে দিয়েছে । জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ফিলিস্তিনের প্রধানমন্ত্রী আরো বলেন ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধে আমরা বিজয় অর্জন করলেও চূড়ান্ত বিজয়ের জন্য আরো অনেক পথ পাড়ি দিতে হবে । বিশেষকরে আল আকসা ও আল কূদসকে মুক্ত করার জন্য আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে । তিনি গাজায় ইসরাইলী সেনাদের টানা ২২ দিনের বর্বর হামলায় ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করে গাজার বিপর্যস্ত মানুষের সহায়তা এগিয়ে আসার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহবান জানান। একইসাথে তিনি গাজার সকল সীমান্ত ক্রসিং খুলে দেয়া ও অবরোধ তুলে নেয়ারও দাবি জানান । উল্লেখ্য ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসও গতকাল যুদ্ধ বিরতি ঘোষণা করে গাজা থেকে সকল সৈন্য প্রত্যাহার করে নেয়ার জন্য ইসরাইলকে এক সপ্তা সময় দিয়েছে। # 350591
captcha