তেহরানে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত সালাহ জাওয়ারির সঙ্গে এক বৈঠকে আয়াতুল্লাহ হাশেমী রাফসানজানি বলেন, ফিলিস্তিনীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য সেখানকার বিভিন্ন গ্রুপের মধ্যেও ঐক্য প্রতিষ্ঠা হওয়া জরুরী।
তিনি বলেন, “ফিলিস্তিনীদের বিভক্তির সুযোগ নিতে ইহুদিবাদী সরকার ও ইসরাইলকে সমর্থনকারী দেশগুলো ফিলিস্তিনের জনগণের মাঝে অনৈক্যের বীজ বপন করে চলেছে।”
হাশেমী রাফসানজানি বলেন, দখলদার ইহুদীবাদী সরকারের বিরুদ্ধে ফিলিস্তিনী জনগণের বিজয়ের একমাত্র উপায় হচ্ছে- প্রতিরোধ। তিনি আরো বলেন, জোর করে আল-আকসা মসজিদ দখল করে রাখা এবং সাধারণ ফিলিস্তিনীদের ওপর জোর-জুলুম ইসরাইল সরকারের বিরুদ্ধে ফিলিস্তিনী জনগণের প্রতিরোধই কেবলমাত্র শক্তিশালী করবে।
ফিলিস্তিনের গাজায় ইহুদিবাদী সরকারের দমন-নির্যাতনের বিরুদ্ধে ন্যায় বিচার করতে তিনি বিশ্বনেতা ও মানবাধিকার কর্মীদের প্রতি আহ্বান জানান। বৈঠকে ফিলিস্তিনী রাষ্ট্রদূত তার দেশের প্রতি ইরানের অব্যাহত সমর্থনের প্রশংসা করে বলেন, ফিলিস্তিনী ইস্যুটি মুসলিম বিশ্বের জন্য একটি মৌলিক বিষয়। # 478216