IQNA

ইমাম খোমেনী (রহ.) পশ্চিমা বিশ্বের কর্তৃত্ব হতে মুসলিম বিশ্বকে পরিত্রাণ দিয়েছেন

21:35 - October 26, 2010
সংবাদ: 2020379
আন্তর্জাতিক বিভাগ: পাকিস্তানের বিশিষ্ট আলেম ও শেইখুল হাদীস মাওলানা সাঈদুল্লাহ, মুসলিম বিশ্বের জাগ্রত হওয়ার বিষয়টি ইমাম খোমেনী (রহ.) এর উৎসর্গ ও তার বিচক্ষণতার নিকট ঋনী এ কথা উল্লেখ করে বলেন: ইমাম খোমেনী (রহ.) পশ্চিমা বিশ্বের কর্তৃত্ব হতে মুসলিম বিশ্বকে পরিত্রাণ দান করেছেন।
ইসলামি সংস্কৃতি ও যোগাযোগ সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: পাকিস্তানের পেশোয়ারে অনুষ্ঠিত ইমাম রেজা (আ.) এর পবিত্র জন্ম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মাওলানা সাঈদুল্লাহ উপরোক্ত মন্তব্য করে বলেন: সুন্নিদের দৃষ্টিতে, আহলে বাইত (আ.) এর ভালবাসা ব্যতীত মহানবী (স.) এর প্রতি ভালবাসা গ্রহণযোগ্য হবে না। আমাদের গুরুত্বপূর্ণ গ্রন্থ সমূহেও ১২ ইমামের নাম ও পরিচিত উল্লিখিত হয়েছে।
তিনি বলেন: জাফরী ফেকাহ শরিয়াত ও বুদ্ধিবৃত্তির সাথে পরিপূর্ণ সামঞ্জস্যতা রাখে এবং আমি কিছু কিছু বিষয়ে এ মাযহাবের ফিকাহ’র অনুসরণ করে থাকি।
পাকিস্তানের আরেক বিশিষ্ট আলেম মাওলানা সাহেব যাদাহ ইদ্রিস বলেন: এটা কিভাবে সম্ভব যে, কেউ মুসলমানের দাবীদার হবে এবং আহলে বাইত (আ.) কে ভালবাসবে না? যদি এরূপ হয় তবে তার মুসলমান হওয়ার বিষয়টিতে সন্দেহ করতে হবে।
তিনি বলেন: আমি গর্বের সাথে ১২ ইমামের বেলায়েতের স্বীকৃতি দান করেছি। আর এ বিষয়ে কোন শক্তি হতে আমি সন্ত্রস্ত নই।
তিনি আরো বলেন: যদি আজকে ইরান মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ও সম্মানিত একটি দেশ রূপে আত্মপ্রকাশ করে এবং যুক্তরাষ্ট্রও তাকে ভয় পায় তবে তার একমাত্র কারণ হচ্ছে যে, ইরানিরা বেলায়েতের ছায়াতলে রয়েছে এবং তারা বেলায়েতের প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করেছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত শিয়া আলেম হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন সাইয়্যেদ জামিল হাসান শিরাজী, আব্বাসীয় খলিফা মা’মুন কর্তৃক ইমাম রেজা (আ.) কে মারভ শহরে আমন্ত্রণ জানানোর বিষয় এবং ইমাম (আ.) এর মারভ অভিমূখে যাত্রার সময়ে সংঘটিত ঘটনাবলীর প্রতি ইঙ্গিত করে বক্তব্য রাখেন।
তিনি বলেন: যে সকল ব্যক্তিত্ব মহানবী (স.) এর আনীত ধর্মের প্রতি পরিপূর্ণ পরিচিতি লাভ করতে সক্ষম হয়েছে, তারা হলেন তার সন্তানগণ, প্রকৃত মুফাসসিরগণ এবং যারা প্রকৃত ইসলামকে মানুষের নিকট (কোনরূপ পরিবর্তন ও পরিবর্ধন ছাড়াই) পৌঁছিয়েছেন। সুতরাং বেলায়াতহীন দ্বীন হচ্ছে অপূর্ণ।
উক্ত অনুষ্ঠানে আহলে বাইত (আ.) এর শানে কবিতা ও কাসিদা পরিবেশন করেন মোল্লা ভেসাল মুহাম্মাদ। এ সময় তিনি শিয়া ও সুন্নি মাযহাবের ঐক্যবদ্ধ করণ শীর্ষক ও ইমাম রেজা (আ.) এর শানে কবিতা পরিবেশন করেন। যা উপস্থিত শ্রোতাদের প্রশংসা কুড়াতে সক্ষম হয়।
উক্ত অনুষ্ঠানের শেষে আস্তানে কুদসে রাজাভী (ইমাম রেজা (আ.) এর মাযার পরিচালনাকারী পরিষদ)-এর পক্ষ থেকে উপস্থিত সকলকে একটি করে কোরআন শরিফ উপহার দেয়া হয়।
উল্লেখ্য, উক্ত অনুষ্ঠান হযরত ইমাম আলী ইবনে মুসা আর রেজা (আ.) এর পবিত্র জন্ম বার্ষিকী উপলক্ষে, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে, পেশোয়ারের শহীদ আরেফ হুসাইন হুসাইনী মাদ্রাসায় শিয়া ও সুন্নি মাযহাবের অনুসারীগণ উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে।#680734
captcha