IQNA

মরক্কোর সংসদ নির্বাচনে ইসলামপন্থীদের জয়লাভ

18:37 - November 28, 2011
সংবাদ: 2230789
আন্তর্জাতিক বিভাগ: মরক্কোর সংসদ নির্বাচনে ইসলামপন্থী জাস্টিস এন্ড ডেভলপমেন্ট পার্টি বা পিজেডি জয়লাভ করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী তায়েব চেরকাউয়ি বলেছেন, এ পর্যন্ত ২৮৮ টি আসনের ফলাফল হাতে এসেছে, এরমধ্যে পিজেডি ৮০টি আসনে জয়লাভ করেছে।
ইরানী কুরআন বিষয়ক সংবাদ সংস্থা (ইকনা)উদ্ধৃত «Bernama»,রিপোর্ট:: মরক্কোর সংসদ নির্বাচনে ইসলামপন্থী জাস্টিস এন্ড ডেভলপমেন্ট পার্টি বা পিজেডি জয়লাভ করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী তায়েব চেরকাউয়ি বলেছেন, এ পর্যন্ত ২৮৮ টি আসনের ফলাফল হাতে এসেছে, এরমধ্যে পিজেডি ৮০টি আসনে জয়লাভ করেছে। বিদায়ী প্রধানমন্ত্রী আব্বাস আল ফাসির নেতৃত্বাধীন ন্যাশনালিস্ট পার্টি ৪৫টি আসন পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। মরক্কোর সংসদে ৩৯৫টি আসন রয়েছে। বাকী আসনগুলোর ফলাফল আগামীকাল ঘোষণা করা হবে।
পিজেডির প্রধান আব্দেল্লাহ বেনকিরানে বলেছেন, গণতন্ত্র ও সুশাসন নিশ্চিত করতে অন্য দলগুলোকে নিয়ে জোট সরকার গঠন করা হবে। দেশটির সংবিধান অনুযায়ী, রাজা ষষ্ঠ মোহাম্মদ বিজয়ী দলের পক্ষ থেকে একজনকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করবেন। গতকালের এ নির্বাচনে নিবন্ধিত ভোটার সংখ্যা ছিল এক কোটি ৩৬ লাখ এবং এতে শতকরা ৪৫ ভাগ ভোট পড়েছে। নির্বাচনে মোট প্রার্থী ছিলেন সাত হাজার।
পিজেডি সরকার গঠন করলে এটা হবে উত্তর আফ্রিকা অঞ্চলে সরকারবিরোধী আন্দোলন শুরুর পর দ্বিতীয় কোনো দেশে ইসলামী দলের শাসন ক্ষমতায় আসার ঘটনা। এর আগে তিউনিশিয়ায় ইসলামী আন-নেহদাহ দলের নেতৃত্বে সরকার গঠিত হয়েছে।
মরক্কোর ইসলামী দল পিজেডি'র বেশিরভাগ সমর্থক তুলনামূলক গরিব শ্রেণীর এবং দলটি ক্ষমতায় গেলে ইসলামী অর্থনীতি এবং সমাজে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা করবে বলে ঘোষণা দিয়েছে। ১৯৫৬ সালে ফ্রান্স থেকে স্বাধীনতা লাভের পর মরক্কোয় এ নিয়ে নয় বার নির্বাচন অনুষ্ঠিত হলো। ২০০৭ সালে সর্বশেষ নির্বাচন হয় এবং সেবার শতকরা ৩৭ ভাগ ভোট পড়েছিল।
উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে সরকারবিরোধী আন্দোলন শুরু হলে মরক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মাদ তার দেশে সম্ভাব্য আন্দোলন ঠেকানোর কৌশল হিসেবে শাসন ব্যবস্থায় তড়িঘড়ি কিছু সংস্কার আনেন। তবে,এখনো তিনিই দেশটির অর্থনীতি, নিরাপত্তা ও ধর্মীয় বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেয়ার মালিক। মরক্কোর বেশ কয়েকটি দল এ সংস্কারকে যথেষ্ট নয় বলে প্রত্যাখ্যান করেছে এবং নির্বাচনেও অংশ নেয়নি।
906968#
captcha