আল-আহরাম ওয়েবসাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : মিশরের প্রখ্যাত ক্বারী ও সাত পদ্ধতিতে ক্বারায়াতের উস্তাদ ‘শেইখ মুহাম্মাদ উওয়াইদ্বাহ’ গত বুধবার ১০০ বছর বয়সে মিশরের ‘ক্বানা’ প্রদেশে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
শেইখ মুহাম্মাদ উওয়াইদ্বাহ তার জীবনের দীর্ঘ সময় সাত পদ্ধতিতে তেলাওয়াত প্রশিক্ষণের কাজে ব্যয় করেছে। তিনি ‘ক্বানা’ প্রদেশের ‘আল-শুয়ুন’ অঞ্চলে অবস্থিত নিজের ছোট্ট বাড়ীতে বিনামূল্যে কুরআন প্রশিক্ষণ দিতেন। তার কুরআনিক জলসাগুলোতে ‘ক্বানা’ প্রদেশের ক্বারীরাসহ মিশরের বিভিন্ন অঞ্চল হতে কুরআন গবেষকরা উপস্থিত হতেন।
প্রতিবেদনে বলা হয়েছে যে, শেইখ উওয়াদ্বাহ লিখতে ও পড়তে পারতেন না। কিন্তু এককভাবে যে প্রতিভার অধিকারী ছিলেন তারই ভিত্তিতে নিজ হস্তে তার ছাত্রদেরকে ক্বারায়াতের সনদপত্র প্রদান করতেন। আর যে সকল ক্বারী তার প্রদত্ত এ সনদের অধিকারী হওয়ার সৌভাগ্য অর্জন করতেন তাদেরকে মিশরের বিশেষ সম্মানের চোখে দেখা হত।
প্রখ্যাত এ ক্বারী দীর্ঘ ৫০ বছর যাবত ‘আল-শুয়ুন’ অঞ্চলে তার দারুল কুরআনে আসরের নামাযের পর হতে মাগরীবের আযান অবধি ছাত্রদেরকে প্রশিক্ষণ দিতেন। আর তার এ ছোট দারুল কুরআনটি মিশরের অন্যতম বিখ্যাত দারুল কুরআন হিসেবে গণ্য।#929897