Jugantor এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : বৃহস্পতিবার ক্যালিফর্নিয়ার লস এঞ্জেলসের আদালত এক শুনানিতে এই নির্দেশ দেন। ব্যাংক একাউন্ট নিয়ে প্রতারণার দায়ে ৫৫ বছর বয়সি নাকোলা ভাসিলি এর আগেও কারাগারে গেলেও প্রবেসনের আওতায় সেবার তাকে জামিন দেয়া হয়। কিন্তু এবার বিতর্কিত চলচ্চিত্রটি নির্মাণ করে প্রবেসনের শর্ত ভঙ্গ করায় তাকে ফের কারাগারে পাঠানোর এই নির্দেশ দেয় আদালত। এছাড়া ধর্মীয় অনুভুতিতে আঘাত দেয়ার অপরাধে তার বিরুদ্ধে তদন্ত চলছে বলেও জানানো হয়। ২০১০ সালে ব্যাংক একাউন্ট নিয়ে প্রতারণার দায়ে ভাসিলেকে ২১ মাসের কারাদণ্ড দেয়া হয়েছিল। তবে ২০১১ সালে সে শর্ত সাপেক্ষে ছাড়া পায়। কিন্তু প্রবেসন অফিসারের অনুমতি না নিয়েই সে এতদিন ছদ্মনামে ইন্টারনেট ব্যবহার করছিল। এরপরই সে ইসলাম বিরোধী চলচ্চিত্রটি নির্মাণ ও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার মতো অপকর্মটি করে। ১৪ মিনিটের ওই স্বল্পদৈর্ঘ্য ট্রেইলারটি নিয়ে ক্ষোভে ফুঁসে ওঠে এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বিভিন্ন দেশের মুসলমানেরা। বিভিন্ন দেশে সহিংসতায় প্রাণ হারায় অর্ধশতাধিক মানুষ। এরপরই বিতর্কিত চলচ্চিত্রটি নির্মাণ নিয়ে তদন্তে ভাসিলির নাম উঠে আসে। এরপরই সে আত্মগোপনে চলে যায়। যদিও পরবর্তিতে যুক্তরাষ্ট্র পুলিশ তাকে আটক করেছে বলে দাবি করে। আত্মগোপনে যাবার আগে ভাসিলি বার্তা সংস্থা এপি এর কাছে চলচ্চিত্রটি নির্মাণের পেছনে সে জড়িত বলে স্বীকার করে। তবে সে চলচ্চিত্রটি নির্মাণের জন্য কেবল লজিস্টিক ও ম্যানেজমেন্ট সাপোর্ট দিয়েছে বলে দাবি করে। ভাসিলি ইসরায়েলি বংশোদ্ভূত আমেরিকান ইহুদি বলে কথিত থাকলেও যুক্তরাষ্ট্র তাকে মিশরিয় বংশোদ্ভূত খৃস্টান বলে অভিহিত করে আসছে। এদিকে ইসলাম বিরোধী এই চলচ্চিত্রের ট্রেইলারটি এখনো গুগলের ভিডিও শেয়ারিং সাইট ইউ টিউবে দেখা যাচ্ছে। বিভিন্ন দেশের সরকার ইউ টিউব কর্তৃপক্ষকে ট্রেইলারটি সাইট থেকে মুছে ফেলতে অনুরোধ জানালেও কোম্পানি মত প্রকাশের স্বাধীনতার দোহাই তুলে তা প্রত্যাখ্যান করে। এর জেরে বাংলাদেশ, পাকিস্তানসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে ইউ টিউব বন্ধ করে দেয়া হয়েছে।#