IQNA

গাজামুখী ত্রাণবাহী জাহাজ আটক করেছে ইসরাইল

10:07 - October 22, 2012
সংবাদ: 2435727
আন্তর্জাতিক বিভাগ : অবরুদ্ধ গাজা উপত্যকা অভিমুখী ফিলিস্তিনপন্থি কর্মীদের ত্রাণবাহী একটি জাহাজ আটক করেছে ইসরাইল।
jugantor এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : শনিবার গাজা উপকূল থেকে মাত্র ৩০ নটিক্যাল মাইল দূরে ভূমধ্যসাগরে ফিনল্যান্ডের পতাকাবাহী এসভি এস্টেলে নামের ওই জাহাজটি আটক করা হয়। খবর রয়টার্সের। ইসরাইলের সামরিক বাহিনীর এক কর্মকর্তা বলেন, নৌ সেনারা এসভি এস্টেলের নিয়ন্ত্রণ নিয়ে সেটিকে ইসরাইলি বন্দর আশদোদে নোঙর করিয়েছে। হামাস নিয়ন্ত্রিত গাজার দিকে না যেতে ইসরাইলি নির্দেশ অমান্য করায় জাহাজটির নিয়ন্ত্রণ নেয়া হয়। কানাডা, ইসরাইল ও ইউরোপের কয়েকটি দেশের ৩০ জন ফিলিস্তিনপন্থি কর্মীকে নিয়ে ৭ অক্টোবর ইতালির ন্যাপলস বন্দর থেকে গাজা অভিমুখে যাত্রা করে এসভি এস্টেলে। এই জাহাজে সিমেন্ট, শিশুদের বই ও চিকিৎসা সরঞ্জামের মতো কিছু দ্রব্য গাজাবাসীর জন্য নেয়া হচ্ছিল। ২০০৭ সালে সশস্ত্র গোষ্ঠী হামাস গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নেয়ার পর থেকে ফিলিস্তিনের এই অংশের ওপর নৌ অবরোধ জারি রেখেছে ইসরাইল। এর আগে ২০১০ সালের মে মাসে ইসরাইলি অবরোধ ভেঙে গাজা যাওয়ার পথে কয়েকটি জাহাজ আটক করে ইসরাইল। তখন মাভি মারমারা নামের একটি জাহাজে ইসরাইলি সেনাদের অভিযানে তুরস্কের ৯ নাগরিক নিহত হয়। ওই ঘটনায় জাতিসংঘের এক তদন্তে ইসরাইলি নৌ সেনাদের অহেতুক বল প্রয়োগের তথ্য বেরিয়ে আসে। ২০১০ সালে ওই হতাহতের পর গাজার ওপর নৌ অবরোধ শিথিলের জন্য আন্তর্জাতিক মহল সোচ্চার হলেও তাতে কান দেয়নি ইসরাইল। হামাসের কাছে অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহের পথ বন্ধ করতে গাজার ওপর এই অবরোধ রাখা হয়েছে বলে দাবি করে আসছে এই ইহুদি রাষ্ট্রটি।
captcha