বার্তা সংস্থা ইকনা: সৌদি আরবের বিশিষ্ট আলেম আয়াতুল্লাহ শেখ নিমরের শাহাদাত উপলক্ষে সকলকে সমবেদনা জানিয়ে তেহরানের জুমআর খতিব আয়াতুল্লাহ মোহাম্মদ ইমামি কাশানি জুমার নামাজের দ্বিতীয় খুতবায় বলেন: আয়াতুল্লাহ নিমর সর্বদা ইসলাম ও আইনের কথা বলতেন। দুর্ভাগ্যবশত, সৌদি শাসকদের এ অন্যায় আচরণ বিশ্বের ইতিহাস থেকে কখনোই মুছে যাবে না।
সৌদি প্রখ্যাত আলেম শেখ নিমর আল-নিমরের হত্যাকাণ্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক নীরবতারও নিন্দা জানান তিনি।
আয়াতুল্লাহ মোহাম্মদ ইমামি কাশানি বর্তমানে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী তথা দায়েশ, জয়শ আল ইসলাম ও আল নুসরা সম্পর্কে বলেন: এসকল সন্ত্রাসী গোষ্ঠী সৃষ্টির পিছনে তিনটি ভিত্তি রয়েছে। এ তিনটি বিষয় হচ্ছে, ইসরাইলের পরিকল্পনা, আমেরিকার সমর্থন এবং সৌদি আরবের আর্থিক সহায়তা। সন্ত্রাসী গোষ্ঠীদের গঠন ও শক্তিশালিকরণের জন্য যত অর্থের প্রয়োজন হচ্ছে সকল অর্থ সৌদি আরব দান করছে।
তেহরানের জুমার খতিব সূরা নূরের ৪০ নম্বর আয়াতের: نور «وْ كَظُلُمَاتٍ فِي بَحْرٍ لُّجِّيٍّ يَغْشَاهُ مَوْجٌ مِّن فَوْقِهِ مَوْجٌ مِّن فَوْقِهِ سَحَابٌ ظُلُمَاتٌ بَعْضُهَا فَوْقَ بَعْضٍ إِذَا أَخْرَجَ يَدَهُ لَمْ يَكَدْ يَرَاهَا وَمَن لَّمْ يَجْعَلِ اللَّهُ لَهُ نُورًا فَمَا لَهُ مِن نُّورٍ» অর্থ: -"অথবা তার (সে কর্মের) উপমা অতল সমুদ্রের গহীন তিমির সদৃশ ঢেউয়ের পর ঢেউ যাকে আচ্ছন্ন করে। যার ঊর্ধ্বদেশে রয়েছে মেঘমালা, (এগুলো হল) স্তরে স্তরে পুঞ্জিভূত অন্ধকার রাশি, (ফলে) যখন সে তার হাত বের করে তখন তা দৃষ্টিগোচর হয় না। আল্লাহ যাকে আলো দান করেননি তার জন্য কোন আলোই নেই”।-
প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন: তারা (সৌদি শাসক) আজকে অন্যায়ের মধ্যে অবস্থান করছে এবং তাদের জানা নেই তারা কি করছে। এমনকি তারা চোখেও দেখতে পাচ্ছে না। বর্তমানে ইয়েমেনের নিরীহ মানুষদের নির্মম ভাবে হত্যা করছে সৌদি শাসক।
এছাড়াও তেহরানের জুমআর খতিব আয়াতুল্লাহ মোহাম্মদ ইমামি কাশানি তেহরান ও মাশহাদে সৌদি দূতাবাস এবং কনস্যুলেটে হামলার কঠোর নিন্দা জানিয়েছেন। জুমআর খোতবায় তিনি এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, এ ঘটনার সঙ্গে হয়ত অনুপ্রবেশকারীরা জড়িত রয়েছে। জনগণকে বোকা বানানোর জন্য এমনটি ঘটানো হয়ে থাকতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে তিনি বলেন, ইরানের মানুষের সংহতি এবং ইসলামী প্রজাতন্ত্রের সার্বভৌমত্ব আমেরিকা, ইহুদিবাদী ইসরাইল এবং সৌদি আরবের ষড়যন্ত্র বাস্তবায়নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। এ ছাড়া, তেহরানের প্রতি রিয়াদের সর্বশেষ পদক্ষেপের প্রতি ইংগিত করে তিনি বলেন, অনভিজ্ঞ রাজপুত্রদের তৎপরতায় সৌদি সরকার ধ্বংসের আরো নিকটে চলে গেছে।
পাশাপাশি মিনায় হাজীদের বিরুদ্ধে সৌদি হত্যাকাণ্ডের এবং ইয়েমেনে সৌদি আগ্রাসনের নিন্দা জানান তিনি। এ ছাড়া, ইরাক এবং সিরিয়ায় সন্ত্রাসী গোষ্ঠীগুলোর প্রতি সৌদি আরব, আমেরিকা এবং ইসরাইলের সমর্থনের কথাও উল্লেখ করেন তিনি। তিনি বলেন, বিশ্ববাসী তাদেরকে ঘৃণা করেন।
আয়াতুল্লাহ মোহাম্মদ ইমামি কাশানি বলেন: মানুষ যখন ইসলামী সভ্যতার সাথে পরিচিত হবে, তখন বুঝতে পারবে যে, এ সভ্যতার মধ্যে প্রতিনিয়ত নৈতিকতা ও আধ্যাত্মিকতা গুণাবলী এবং বিজ্ঞানের উন্নতি সাধিত হচ্ছে। ‘ইসলাম কি’ তা শুধুমাত্র পশ্চিমারা জানবে এমন কোন কথা নেই। বরং এ বিষয় সম্পর্কে আমাদের সকলকে অবগত হতে হবে এবং ইসলামের নৈতিক শিক্ষা আমাদের সকলকে অর্জন করতে হবে।