
বার্তা সংস্থা ইকনা: হযরত আয়াতুল্লাহ আল উযমা মাকারেম শিরাজী আজ বুধবার ২৭শে জানুয়ারী ধর্মীয় আলেমদের ধর্মতত্বের ক্লাসে বলেছেন যে, বর্তমানে বিভিন্ন অঞ্চলের মানুষ ধর্মীয় আলেমের অভাববোধ করছে; এমনও অনেক অঞ্চল আছে যেখানে মসজিদ আছে কিন্তু আলেম ও পেশ ইমাম নেই। কাজেই আলেমগণের উচিত মানুষের ধর্মীয় জিজ্ঞাসার জবাব দানকে নিজেদের দায়িত্ব মনে করে উক্ত অঞ্চলসমূহে হিজরত করা।
তিনি বলেন: সমাজের মানুষ বিশেষ করে যুবকদের মনে নানাবিধ জিজ্ঞাসা রয়েছে, ধর্মীয় মাসআলা-মাসায়েল সম্পর্কে অনেক মানুষ অজ্ঞ। এমতাবস্থায় যদি আলেমরা সমাজের মানুষকে শিক্ষা ও দিকনির্দেশনায় মনোনিবেশ না করেন, তাহলে একশ্রেণীর অজ্ঞ ব্যক্তিরা নিজেদের স্বার্থ হাসিলের নিমিত্তে মানুষকে প্রতারিত করে আলেমদের শুন্য স্থানগুলো দখল করে নিবে। তখন মানুষ সঠিক পথের পরিবর্তে বিপথে আগ্রসর হবে।
তিনি ইরানের ধর্মীয় নগরী কোম থেকে ধর্মীয় আলেমদের দেশের বিভিন্ন অঞ্চলে হিজরতের গুরুত্বের কথা উল্লেখ করে বলেন: যারা মানুষকে দিকনির্দেশনার শপথ নিয়ে ধর্মীয় মাদ্রাসাসমূহে উচ্চতর শিক্ষা গ্রহণ করেছেন; তাদের উচিত এ শহর থেকে নিজ নিজ অঞ্চলে সফর করে ধর্মীয় দায়িত্ব যথাযথভাবে সম্পাদন করা।
সূত্র: শাবিস্তান