বাতা সংস্থা ইকনা: মুসলমান বিদ্বেষী বক্তব্য দেয়ার জন্য মার্কিন রিপাবলিকান দলের প্রেসিডেন্ট মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে। ট্রাম্পের প্রতি এ আহ্বান জানিয়েছে মার্কিন মানবাধিকার সংস্থা 'কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্স'।
গত বুধবার মার্কিন নিউজ চ্যানেল সিএনএন-কে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেছেন, "ইসলাম আমাদেরকে প্রচণ্ডভাবে ঘৃণা করে।" ট্রাম্পের ন্যক্কারজনক এ বক্তব্যকে কেন্দ্র করে দ্রুত নিন্দা জানিয়েছে কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্স। পাশাপাশি, ট্রাম্পকে ক্ষমা চাওয়ারও আহ্বান জানিয়েছে সংস্থাটি।
ইসলাম বিদ্বেষী বক্তব্য দেয়ার পর বৃহস্পতিবার বিতর্কের সময় ট্রাম্পকে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছিল। তবে এ আহ্বান পরোয়া করেন নি ট্রাম্প বরং তার আগের বক্তব্য সঠিক বলে ওই দিনও তিনি দাবি করেন।
নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকেই একের পর এক মুসলমান-বিরোধী বক্তব্য দিয়ে চলেছেন ট্রাম্প। এর আগে, আমেরিকায় মুসলমানদের ঢুকতে না দেয়ারও আহ্বান জানিয়েছিলেন রিপাবলিকান দল থেকে প্রেসিডেন্ট মনোনয়ন প্রত্যাশী ট্রাম্প।
আমেরিকান-ইসলামিক রিলেশন্স জানিয়েছে, ২০১৫ সালে আমেরিকার ৭০টি মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে। যা বিগত ৭ বছরের মধ্যে সর্বোচ্চ রেকর্ড।
iqna