
বার্তা সংস্থা ইকনা : এ বছর সর্বোচ্চ রক্তদাতা প্রতিষ্ঠান হিসেবে সম্মাননা পেয়েছে বাংলাদেশ মেরিন একাডেমি, বিজয়া সম্মিলন পরিষদ ও শিয়া ইয়ুথ অ্যাসোসিয়েশন।
আজ (৭ এপ্রিল বৃহস্পতিবার) সন্ধ্যায় বিশ্ব স্বাস্থ্য দিবসে আয়োজিত ‘বার্ষিক রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান-২০১৬’তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের সিটি মেয়র।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন এ অনুষ্ঠানে প্রদত্ত বক্তব্যে বলেন: বাংলাদেশে স্বেচ্ছায় রক্তদান আন্দোলনের পথিকৃৎ ‘সন্ধানী’মূলত মেডিক্যাল ও ডেন্টাল কলেজের ছাত্রছাত্রীদের দ্বারা পরিচালিত একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। ১৯৭৭ সালের ৫ ফেব্রুয়ারি ঢাকা মেডিক্যাল কলেজ থেকে যাত্রা শুরু হলেও বর্তমানে প্রতিষ্ঠানের ১৯টি ইউনিট বিভিন্ন সরকারি ও বেসরকারি মেডিক্যাল কলেজ ও ডেন্টাল কলেজগুলোতে কাজ করছে। সন্ধানী প্রতিবছর গড়ে ৪০ হাজার ব্যাগ রক্ত সংগ্রহ করে, যা দেশে মুমূর্ষু রোগীদের রক্তের অভাব পূরণে এক দৃঢ় ভূমিকা পালন করছে। তাই সন্ধানীর প্রতিটি কর্মীকে হৃদয়ের গভীর থেকে ভালোবাসা জানাই।
প্রতি বছরই সর্বোচ্চ রক্তদাতা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা জানানোর মাধ্যমে রক্তদানে উৎসাহ যোগায় সন্ধানী চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ইউনিট। এ বছরও ঘটেনি তার ব্যতিক্রম।
এই উপলক্ষে সকাল ১১টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজের মূল ফটক থেকে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এতে অংশ নেন সন্ধানী-চমেক ইউনিটের স্বেচ্ছাসেবী, শুভানুধ্যায়ী ও রক্তদাতারা।
র্যালির পর সকাল সাড়ে ১১টায় চমেক নিউ কনফারেন্স হলে এ আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন চট্টগ্রাম শাখার সভাপতি ডা. মুজিবুল হক খান, চমেক অধ্যক্ষ অধ্যাপক ডা. সেলিম মো. জাহাঙ্গীর, চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার শহীদুল গণি, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডা. মো. শরীফ, সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. এ কে এম সালেক, সন্ধানী চমেক ইউনিটের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. তোসাদ্দেক হোসেন সিদ্দিকী জামাল, সন্ধানী চমেক ইউনিটের উপদেষ্টা ডা. মনোয়ারুল হক শামীম, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন চট্টগ্রাম শাখার যুগ্ম সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরী, চমেক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডা. বিশ্বজিত দত্ত ও সানশাইন গ্রামার স্কুল চট্টগ্রামের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সাফিয়া গাজী রহমান।
আলোচনা সভার পর এ বছরের সর্বোচ্চ রক্তদাতা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।
এ বছর সর্বোচ্চ রক্তদাতা প্রতিষ্ঠান হিসেবে সম্মাননা পেয়েছে বাংলাদেশ মেরিন একাডেমি, বিজয়া সম্মিলন পরিষদ ও শিয়া ইয়ুথ অ্যাসোসিয়েশন।
শিয়া ইয়ুথ অ্যাসোসিয়েশনের পক্ষে ক্রেস্ট গ্রহণকারী আকমল হোসাইন রাওয়ী বলেন, ‘আমরা মূলত কারবালার শহীদদের স্মরণে রক্তদান কর্মসূচির আয়োজন করেছিলাম। সর্বোচ্চ রক্তদাতাদের মধ্যে স্থান অধিকার করে সত্যিই ভালো লাগছে। চেষ্টা থাকবে আগামীতে আরো বেশি রক্তদানের।’