IQNA

ট্রাম্প ইরানের সঙ্গে ব্যবসা করেছেন: হিলারির অভিযোগ

7:03 - October 04, 2016
সংবাদ: 2601697
আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ইরানের একটি ব্যাংককে অফিস ভাড়া দিয়েছেন বলে খবর প্রকাশিত হওয়ার পর এর তীব্র সমালোচনা করেছেন ডেমোক্র্যাট দলীয় প্রার্থী হিলারি ক্লিন্টন।


সোমবার ওয়াশিংটন-ভিত্তিক অনুসন্ধানী বার্তা সংস্থা ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেজটিগেটিভ জার্নালিস্ট বা আইসিআইজে ইরানের ব্যাংক সংক্রান্ত খবরটি প্রকাশ করে। এর পরপরই ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিন্টনের প্রচারণা বিভাগ ট্রাম্পের কড়া সমালোচনা করে বক্তব্য প্রচার করে।

ওই বিভাগ বলেছে, ট্রাম্প মুখে ইরান বিরোধী বক্তব্য দিলেও তিনি দেশটির সঙ্গে ব্যবসা করেছেন। ক্লিন্টনের নীতি নির্ধারণ বিষয়ক উপদেষ্টা জ্যাক জুলিভান বলেছেন, ট্রাম্প তার আয়কর রিটার্ন প্রকাশ করলে বিষয়টি সম্পর্কে আরো তথ্য পাওয়া যাবে।

আইসিআইজে’তে খবরটি প্রকাশের পর মার্কিন গণমাধ্যম এটিকে গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে। ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন সময়ে প্রচণ্ড ইরান বিদ্বেষী বক্তব্য দেয়ার কারণে খবরটি ব্যাপক মাত্রায় প্রচার পেয়েছে।

বিশেষ করে তিনি আমেরিকাসহ পশ্চিমা দেশগুলোর সঙ্গে ইরানের পরমাণু সমঝোতার প্রচণ্ড বিরোধিতা করেছেন। ইরানের বিরুদ্ধে বর্তমান ডেমোক্র্যাট সরকার কেন আরো কড়া ব্যবস্থা নিচ্ছে না সে অভিযোগও করেছেন ট্রাম্প। তিনি ইরানকে আমেরিকার ‘বড় শত্রু’ বলেও অভিহিত করেছেন।

captcha