আন্তর্জাতিক ডেস্ক: ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাজধানী তেহরানের জুমার নামাযের খতিব হযরত আয়াতুল্লাহ ইমামি কাশানি বলেছেন যে, বর্তমান যুগের ইমাম তথা ইমাম মাহদীর (আ.) আবির্ভাবের পর সারা বিশ্বে জুলুম ও অন্যায়ের মূলোৎপাটন ঘটিয়ে ন্যায় ও ইনসাফের শাসন কায়েম করবেন। তাই আমাদের ঈমানি দায়িত্ব হচ্ছে ইমাম মাহদীর (আ.) আবির্ভাবের জন্য আল্লাহর দরবারে দোয়া ও প্রার্থনা করা।

আয়াতুল্লাহ ইমামি কাশানি বলেন: পৃথিবীর বিভিন্ন দেশে আজ একদিকে অসহায় ও মজলুম মানুষ অত্যাচার ও অবিচারে পৃষ্ঠ হচ্ছে অপর দিকে সুবিধাবাদী ও অত্যাচারী গোষ্ঠী অন্যের অধিকার নষ্ট করছে।
তিনি বলেন, সৌদি আরবসহ যেসব মুসলিম দেশের শাসকেরা আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের বিধ্বংসী ও অশুভ পরিকল্পনা বাস্তবায়ন করছে তাদেরকে দেশ থেকে বহিষ্কার করতে হবে।
ইমামি কাশানি বলেন, শত্রুরা নানা কৌশলে প্রকৃত ইসলামকে বিকৃতভাবে উপস্থাপন করছে। এর মাধ্যমে তারা ইসলাম ধর্ম সম্পর্কে অন্যান্য জাতি এমনকি অনেক মুসলমানের মনেও ভুল ধারণার জন্ম দিচ্ছে। দুঃখজনকভাবে কিছু মুসলিম দেশের শাসকরাও এ ক্ষেত্রে শত্রুদের সহযোগী হিসেবে কাজ করছে।