বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: রাসূলের (সা.) প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম
হুসাইনের (আ.) শোকাবহ চেহলুমের শোকানুষ্ঠানে শরিক হতে এখন পৃথিবীর বিভিন্ন
দেশ থেকে লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান ইরাকের কারবালা ও নাজাফ শহরে অবস্থান
করছে। তারা সেখানকার পবিত্র স্থানসমূহ জিয়ারতে মশগুল রয়েছে।
জিয়ারতকারীরা ইরাকের বিভিন্ন অঞ্চল থেকে পায়ে হেটে ইমাম হুসাইনের (আ.) মাজার জিয়ারত ও চেহলুমের শোকানুষ্ঠানে শরিক হতে কারবালার অভিমুখে পদযাত্রা করেন। পথিমধ্যে তারা নাজাফে অবস্থিত আমিরুল মু'মিনিন আলীর (আ.) মাজার এবং কুফার পবিত্র ও ঐতিহাসিক স্থানসমূহ জিয়ারত করে থাকেন।
উল্লেখ্য কুফার পবিত্র স্থানসমূহের মধ্যে প্রধান হলো মসজিদে কুফা। এটি ইসলামের ৪টি পবিত্রতম মসজিদের মধ্যে অন্যতম। এখানে আছে ইমাম হুসাইনের (আ.) চাচাত ভাই হযরত মুসলিম ইবনে আকিলের মাজার। তাই বর্তমানে এ পবিত্র মসজিদে প্রতিদিন হাজার হাজার জিয়ারতকারীর সমাগম ঘটছে।