IQNA

17:40 - October 26, 2019
সংবাদ: 2609507

মাহাথির: রোহিঙ্গা সংকট নিরসনে মালয়েশিয়া, আসিয়ান সদস্যরা কাজ করবে

আন্তর্জাতিক ডেস্ক: রোহিঙ্গা সংকট নিরসনে মালয়েশিয়া, আসিয়ান সদস্যরা কাজ করবে বলে আশ্বাস দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। শুক্রবার (২৫ অক্টোবর) ন্যাম সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠকে মাহাথির এ কথা বলেন বলে পররাষ্ট্র সচিব শহিদুল হক সাংবাদিকদের জানিয়েছেন।

মাহাথির: রোহিঙ্গা সংকট নিরসনে মালয়েশিয়া, আসিয়ান সদস্যরা কাজ করবে

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: মাহাথির মোহাম্মদ বলেন, "মালয়েশিয়া ও আসিয়ান দেশগুলো প্রয়োজনীয় (রোহিঙ্গা সংকট সমাধানের জন্য) সবকিছু করবে।"

"আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে রোহিঙ্গাদের ওপর গণহত্যা হয়েছিল এবং এটাকে বিচারের আওতায় আনা উচিত", যোগ করেন তিনি। মালয়েশিয়া কক্সবাজারে ফিল্ড হাসপাতাল চালিয়ে যাবে বলেও বৈঠকে জানিয়েছেন মাহাথির।

বৈঠক প্রসঙ্গে সাংবাদিকদের পররাষ্ট্র সচিব শহিদুল হক আরও জানান, বৈঠকে অস্থায়ীভাবে রোহিঙ্গাদের স্থানান্তরের জন্য প্রস্তুত করা ভাসানচর সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করার জন্য অনুরোধ করেন মাহাথির।

এর পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা তাকে ভাসানচরে রোহিঙ্গাদের সুরক্ষা এবং অন্যান্য সম্পর্কিত বিষয় এবং কক্সবাজারে রোহিঙ্গাদের বর্তমান অবস্থা সম্পর্কে জানান।

এছাড়াও মাহাথির মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ও সুরক্ষা সম্পর্কে প্রধান্মন্ত্রীকে আশ্বস্ত করেন এবং জানান যে তার সরকার বাংলাদেশ থেকে আরও জনশক্তি নেয়ার চেষ্টা করবে। বাংলাদেশে মালয়েশিয়ার বিনিয়োগ আরও বাড়বে বলেও উল্লেখ করেন তিনি।

 

captcha