IQNA

3:56 - April 16, 2021
সংবাদ: 2612624

ফিলিস্তিনি শিশুর চোখে গুলি করল ইসরাইলি সেনা

তেহরান (ইকনা): ইসরাইলি সেনাদের বিরুদ্ধে ফিলিস্তিনি শিশুদের গুলি করে হত্যা, গ্রেপ্তার ও নির্যাতনের বহু অভিযোগ রয়েছে। এবার ফিলিস্তিনের প্রাচীন শহর হেবরনে একটি দোকানে ঢুকে নিরপরাধ এক শিশুর চোখে গুলি করে তাকে অন্ধ করে দিয়েছে ইসরাইলি সেনারা। ওই শিশুটির নাম ইজ্জ আল-দিন নাদাল বাতাশ।

ফিলিস্তিনি শিশুর চোখে গুলি করল ইসরাইলি সেনা
বাতাশার বাবা আবদুল করিম আল-বাতাশ বলেন, ইসরাইলের একদল সেনা হেবরনে টহল দেওয়ার সময় শিশুদের আটক করতে চাইলে তারা পাথর নিক্ষেপ করে পালিয়ে যায়। এ সময় উত্তেজিত সেনারা আদালুসিয়া মার্কেটের ওই দোকানটিতে কেনাকাটা করতে যাওয়া তার ছেলের চোখে গুলি করে। তিনি বলেন, আমার ছেলে তাদের সঙ্গে কোনো সংঘর্ষে জড়ায়নি। সে তার চাচাতো ভাইকে নিয়ে দোকানে কেনাকাটার জন্য এসেছিল।
 
ওই শিশুটিকে মুমূর্ষু অবস্থায় জেরুজালেম চক্ষু হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা জানিয়েছেন, ফিলিস্তিনি এ শিশুটি এ যাত্রায় প্রাণে বেঁচে গেলেও আর কখনো চোখে কিছু দেখতে পারবে না। এর আগে গত বছর ইসরায়েলি বাহিনীর গুলিতে বাম চোখের দৃষ্টিশক্তি হারায় ফিলিস্তিনি শিশু মালিক ইসা। তার বয়স ৮ বছর।
 
জানা যায়, তিন বোনের সঙ্গে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে ইসরাইলি বাহিনীর গুলি মালিক ইসা নামে ওই ফিলিস্তিনি শিশুর চোখে আঘাত হানে। এতে প্রচণ্ড রক্তক্ষরণ হয়। এরপর দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আরব নিউজ।
captcha