
বার্তা সংস্থা ‘নূনে’র উদ্ধৃতি দিয়ে ইকনার রিপোর্ট : ইরাকের ওলামায়ে আহলে সুন্নাত সংস্থার প্রধান শাইখ খালেদ আল-মোল্লা গতকাল (বুধবার, ৪ ফেব্রুয়ারি) প্রকাশিত বিবৃতিতে আইএসআইএল সন্ত্রাসীদের ধ্বংসাত্মক ও খারেজি বলে আখ্যায়িত করে বলেছেন, একে অপরের সহযোগিতায় আমাদের উচিত এ সমাজকে সন্ত্রাসীদের কবল থেকে মুক্ত করা।
আইএসআইএল সন্ত্রাসীরা ইসলাম ধর্ম থেকে বিচ্যুত –এ কথা উল্লেখ করে তাদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহবান জানান তিনি।
বিবৃতিতে তিনি সালাহুদ্দীন প্রদেশে আইএসআইএলে’র বিরুদ্ধে ইরাকের সশস্ত্র বাহিনী, গণবাহিনী ও আশায়ের সম্প্রদায়ের বিজয়ের ভূয়সী প্রশংসা করে বলেন : ওলামায়ে ইরাকের পক্ষ থেকে এ বিজয় উপলক্ষে ইরাকের জনগণের উদ্দেশ্যে আন্তরিক অভিনন্দন জানাই এবং আইএসআইএল সন্ত্রাসীদের কবল থেকে তাকরিত মুক্ত হওয়ার বিষয়ে ইরাকের জনগণ, সশস্ত্র বাহিনীকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি।
বিবৃতিতে আরো বলা হয়েছে, সকল মুসলমানরা এ বিষয়ে ঐকমত্য পোষণ করে যে, আইএসআইএল সন্ত্রাসীরা ধ্বংসাত্মক এবং তারা ইসলাম ধর্ম থেকে বিচ্যুত। অতএব, তাদের বিরুদ্ধে প্রতিরোধ এবং তাদের উপদ্রব থেকে সমাজকে মুক্ত করা সকলের উপর ওয়াজিব। এ সময় তিনি ঐক্য রক্ষার প্রতি গুরুত্বারোপ করে ইরাকের সকল ধর্ম ও মাযহাবের অনুসারীদেরকে পরস্পরের প্রতি সম্মান প্রদর্শনের আহবান জানান।